ফতোয়া জারি, আইনি নোটিশ, চাপের মুখে নোরা
ছবি: সংগৃহীত
০৩:৫১ পিএম | ২০ মার্চ, ২০২৬
কয়েক দিন ধরেই কন্নড় ছবি কেডি- দ্যা ডেভিল-এর একটি আইটেম গান ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি এবং কথিত যৌন ইঙ্গিতপূর্ণ লিরিক্সের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বিষয়টি এতটাই গুরুতর রূপ নেয় যে তা পৌঁছে যায় সংসদ পর্যন্ত।
সংসদে এ নিয়ে নিন্দার ঝড় উঠলে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বিতর্কিত গানটিকে নিষিদ্ধ ঘোষণা করেন। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও আপত্তি তোলা হয়েছে।
বিতর্ক আরও তীব্র হয় যখন উত্তরপ্রদেশের এক ধর্মীয় সংস্থা ‘মুসলিম পার্সোনাল দরুল ইফতা’-র প্রধান মুফতি মৌলানা ইব্রাহিম হুসেন নোরা ফতেহির বিরুদ্ধে ফতোয়া জারি করেন। তাঁর অভিযোগ, গানটিতে অত্যন্ত কুরুচিকর ও অশ্লীল বিষয়বস্তু রয়েছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে মুখ খুলেছেন নোরা নিজেই। তাঁর দাবি, তিন বছর আগে কন্নড় ভাষায় গানের শুটিং করেছিলেন তিনি এবং তখন তাকে যে অর্থ বোঝানো হয়েছিল, তাতে কোনও অশ্লীলতার ইঙ্গিত ছিল না। ভাষা না জানার কারণে নির্মাতাদের উপরই নির্ভর করতে হয়েছিল বলে জানান অভিনেত্রী।

নোরা আরও বলেন, পরবর্তীতে গানের হিন্দি সংস্করণে আপত্তিকর লিরিক্স যোগ করা হয়েছে, যার বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। এমনকি বিতর্কের আশঙ্কা আগেই পরিচালককে জানিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
তবে সাফাই দিয়েও রেহাই মেলেনি। আগামী ২৪ মার্চ জাতীয় মহিলা কমিশনে হাজিরা দিতে বলা হয়েছে নোরা ফতেহি ও বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। একইসঙ্গে গীতিকার, প্রযোজক ও পরিচালককেও তলব করা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দিয়েছে কমিশন।
সব মিলিয়ে একটি আইটেম গান ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন বলিউড থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর সবার।
এসএন