চট্টগ্রামে আড়ংয়ের সামনে বিনামূল্যে ব্যাগ বিতরণের ঘোষণা
ছবি: সংগৃহীত
০৪:৪৮ পিএম | ২০ মার্চ, ২০২৬
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় আড়ংয়ের আউটলেটের সামনে বিনামূল্যে শপিং ব্যাগ বিতরণের ঘোষণা দিয়েছেন তৌহিদুল ইসলাম নামে এক উদ্যোক্তা।
আড়ং কর্তৃপক্ষের ব্যাগের বিনিময়ে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত ব্যতিক্রমী এই কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তিনি।
তৌহিদুল ইসলাম ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তবে রাজনৈতিক কারণে ওই সময় তিনি যোগ দিতে পারেননি। পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে আদালতের রায়ে এ বছরের শুরুতে তিনি পুনরায় নিয়োগ পান। তবে কিছুদিন দায়িত্ব পালনের পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
বর্তমানে তিনি চট্টগ্রামে ‘লিটল বিজ ইংলিশ স্কুল’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন। মূলত এই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই ব্যাগগুলো বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে তৌহিদুল ইসলাম জানান, কয়েক দিন আগে তিনি আড়ং থেকে পাঞ্জাবি কিনতে গিয়েছিলেন। ওই সময় কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিচ্ছিল- ‘কাগজের ব্যাগ পরিহার করুন, গাছ বাঁচান’। কিন্তু পণ্য কেনার পর কাউন্টারে গেলে তাকে টাকা দিয়ে কাগজের ব্যাগ কেনার প্রস্তাব দেওয়া হয়।
তৌহিদুল ইসলামের মতে, এটি প্রতিষ্ঠানের একপ্রকার দ্বৈতনীতি। তিনি বলেন, ‘তারা চাইলে পরিবেশবান্ধব ব্যাগ বিনামূল্যে দিতে পারত, যা অনেক বড় প্রতিষ্ঠানই করে থাকে। বাস্তবে তাদের উদ্দেশ্য পরিবেশ রক্ষা নয়, বরং অতিরিক্ত টাকা আদায় করা। এর প্রতিবাদে আমার স্কুলের পক্ষ থেকে বিনামূল্যে ব্যাগ বিতরণের ঘোষণা দিয়েছি, যা একাধিকবার ব্যবহার করা যাবে।’
প্রাথমিকভাবে আজ রাতে আড়ংয়ের হালিশহর শাখার সামনে ৩০০টি ব্যাগ বিতরণ করা হবে বলে জানান এই উদ্যোক্তা।
এসএন