সিঙ্গেল স্ক্রিনে আসছে না সিয়াম আহমেদ অভিনীত 'রাক্ষস' সিনেমা
ছবি: সংগৃহীত
০৫:৪৯ পিএম | ২০ মার্চ, ২০২৬
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির মিছিলে থাকা অন্যতম আলোচিত সিনেমা সিয়াম আহমেদ অভিনীত 'রাক্ষস'। ট্রেলার এবং গান প্রকাশের পর দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি হলেও, শেষ মুহূর্তে সিনেমাটি নিয়ে দেখা দিয়েছে এক ভিন্ন সংকট। হল মালিকদের পক্ষ থেকে ভালো রেন্টাল (হল বুকিং মানি) প্রস্তাব থাকলেও, পাইরেসি বা অবৈধভাবে ভিডিও ধারণের আশঙ্কায় দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা 'রিয়েল এনার্জি প্রোডাকশন' ।
সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটির জন্য দেশের প্রান্তিক অঞ্চলের সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে বড় অংকের রেন্টালের প্রস্তাব আসছিল। বিশেষ করে সিয়ামের নতুন ‘রাক্ষস’ অবতার দেখতে গ্রাম-গঞ্জের দর্শকরা আগ্রহী হওয়ায় হল মালিকরা সিনেমাটি নিতে মুখিয়ে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বড় বাজেটের সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনে মুক্তির পরপরই মোবাইল ফোনে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার (পাইরেসি) ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।

'রিয়েল এনার্জি প্রোডাকশন' দেশের একটি গণমাধ্যমকে জানান, সিনেমার মান এবং বাণিজ্যিক নিরাপত্তা বজায় রাখতেই তারা আপাতত কঠোর অবস্থানে থাকছেন। তাদের মতে, পাইরেসির কারণে সিনেমার বড় একটি অংশের দর্শক হলবিমুখ হয়ে পড়ে, যা সামগ্রিক ব্যবসায়িক ক্ষতি করে। তাই আপাতত রাজধানীরসহ দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স এ শুধুমাত্র 'রাক্ষস' মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি। তবে মুক্তির প্রথম দুই সপ্তাহ পর সিঙ্গেল স্ক্রিনে আসার কথাও জানান প্রযোজনা সংস্থা।
উল্লেখ্য, এই সিনেমায় সিয়াম আহমেদকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন লুকে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে তার ‘রাক্ষস’ ও ‘শুদ্ধ’ এই দ্বৈত চরিত্রের আভাস মিলেছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন বলিউড অভিনেতা শাতাফ ফিগার এবং কলকাতার শ্যাম ভট্টাচার্য্য।
সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে টেইলার ও আইটেম গান ‘বিলেত রাজা’-তে সিয়ামের পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে।
পিআর/এসএন