মুক্তির আগে নতুন সংকটে সালমানের ‘মাতৃভূমি’
ছবি: সংগৃহীত
০৯:০১ পিএম | ২০ মার্চ, ২০২৬
মুক্তির আগেই একের পর এক পরিবর্তনের মুখে পড়েছে মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস। প্রথমে ছবির নাম বদল, আর এবার সামনে এসেছে মুক্তির সময়সূচি পিছিয়ে যাওয়ার জোর আলোচনা। এই অনিশ্চয়তার কেন্দ্রে রয়েছেন প্রয়াত শিল্পী প্রশান্ত তামাং, যার আকস্মিক মৃত্যু ছবির নির্মাণপ্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি করেছে।
শুরুতে নির্ধারিত ছিল, এপ্রিলেই বড় পর্দায় আসবে সালমান খান-এর নতুন ছবি। প্রথম ঝলক প্রকাশের পর দর্শকের আগ্রহ যেমন তৈরি হয়েছিল, তেমনি কিছু সমালোচনাও ছিল। এর মধ্যেই ছবির নাম বদলে নতুন নাম ঘোষণা করা হয়। কিন্তু নাম পরিবর্তনের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন নির্ধারিত সময়েই কি ছবি মুক্তি পাবে?

চলতি বছরের শুরুতে প্রয়াত হন প্রশান্ত তামাং। গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে পরিচিতি পাওয়া এই শিল্পী পরবর্তীতে অভিনয়েও নিজের জায়গা তৈরি করেছিলেন। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ও চলচ্চিত্রে কাজ করে নতুনভাবে আলোচনায় এসেছিলেন তিনি। এই ছবিতেই ছিল তাঁর শেষ অভিনয়।
নির্মাতা সূত্রে জানা যাচ্ছে, ছবিতে খলচরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন প্রশান্ত। তাঁর সঙ্গে সালমানের কয়েকটি দীর্ঘ সংঘর্ষদৃশ্য এখনও ধারণ করা বাকি ছিল। ঘনিষ্ঠ দৃশ্যের কিছু অংশ সামলানো গেলেও বড় পরিসরের অ্যাকশন দৃশ্যগুলো এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
নির্মাতাদের সামনে এখন কয়েকটি পথ খোলা প্রশান্তের চরিত্রে অন্য কাউকে নেওয়া, চরিত্রের পরিসর কমিয়ে ফেলা, অথবা দৃশ্যপট নতুনভাবে সাজানো। তবে কোন পথে এগোনো হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
প্রশান্তের অনুপস্থিতিতে কেবল একটি চরিত্র নয়, ছবির সামগ্রিক বিন্যাসও নতুন করে ভাবতে হচ্ছে। ফলে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এখন আরও জোরালো বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
পিআর/এসএন