জাহের আলভীকে নিয়ে কী বললেন অভিনেত্রী পিয়া জান্নাতুল?
ছবি: সংগৃহীত
০২:২২ পিএম | ২১ মার্চ, ২০২৬
গত মাসেই নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। তার মৃত্যুর পর আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেন অভিনেতা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।
সম্প্রতি এ অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, আমি জীবনে কখনো জাহের আলভীর নামও শুনিনি। নাটক, সিনেমা কিংবা মডেলিংও দেখিনি কখনো। ইভনাথ খান ইকরার মৃত্যুর পরই জানতে পেরেছি। আলভীর প্রেমিকাকেও চিনি না। তাদের সম্পর্কে কিছুই জানতাম না, তারা কত বড় তারকা, সেটি জানা নেই আমার।

পিয়া জান্নাতুল বলেন, একজন মানুষের অধিকার রয়েছে, যদি কাউকে পছন্দ না হয় তাকে সরাসরি বলে দেয়ার। কিন্তু মানসিক নির্যাতন দিয়ে কাউকে প্ররোচিত করা সম্পূর্ণ অন্য বিষয়।
এ ধরনের ঘটনার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমাদের দেশে আত্মহত্যা প্ররোচনার ক্ষেত্রে আইন রয়েছে। আত্মহত্যা সহজে কেউ করে না বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসয় আত্মহত্যা করেন ইকরা। ওই সময় আলভী নাটকের শুটিংয়ে নেপাল ছিলেন। ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানান আলভী।
এদিকে অভিনেতার স্ত্রীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই আলভীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে ইকরার পরিবার অভিযোগ করেন, আলভী অন্য একজন অভিনেত্রীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার জন্যই ইকরার সঙ্গে দাম্পত্য কলহের শুরু। এ কারণেই আত্মহত্যার পথ বেছে নেন ইকরা। পরে এ ঘটনায় ইকরার পরিবার আলভী ও তার মা-সহ কয়েকজনের নামে মামলা করেন থানায়।
পিআর/এসএন