এখানে যেন শুধু বেঁচে থাকার জন্য থাকা: জায়েদ খান
ছবি: সংগৃহীত
০২:৫১ পিএম | ২১ মার্চ, ২০২৬
গেল দুই বছর থেকে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তবে দেশের মত সেখানে ঈদ করে আনন্দ পান না। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। বিশেষ করে তিনি জানালেন, বাবা-মাকে হারানোর পর ঈদের আনন্দ আর আগের মতো নেই।
পিরোজপুর জেলায় বেড়ে ওঠা জায়েদ খান দেশের একটি গণমাধ্যমকে জানান, ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাই ঈদে সবার কাছ থেকেই পেতেন সালামি।
তিনি বলেন, ‘আগে খুশিতে ঘুরে বেড়াতাম, বিকেলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম-কত কিছু! এখন আর সেসব চাইলেও সম্ভব হয় না। ছোটবেলার ঈদের মতো আনন্দ কোথাও নেই।’
মা-বাবাকে হারানোর কষ্টের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘তিন ভাই-বোনের মধ্যে আমি ছোট। তাই তারা আমার জন্য সালামি আলাদা করে রাখতেন। আমাকে নিয়ে বাড়ির সবাই মেতে থাকতেন। এখন বাবা-মা নেই, তাই কোনো ঈদ আর ঈদ মনে হয় না। ঈদ এখন নিরানন্দ লাগে। বাবা-মা ছাড়া বেঁচে থাকা যেন শুধু বেঁচে থাকার জন্যই।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেতা। গত দুই বছর ধরে সেখানেই ঈদ উদযাপন করছেন বন্ধু-পরিচিতদের সঙ্গে। তবে দেশের প্রতি টান এখনও তীব্র।
তিনি বলেন, ‘গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে আছি। এখানে বন্ধু-পরিচিতদের সঙ্গে ঈদ করি। কিন্তু বাংলাদেশকে খুব মিস করি- আমার পরিবার, বাবা-মায়ের কবর, সহকর্মীদের ভীষণ মনে পড়ে। এখানে যেন শুধু বেঁচে থাকার জন্য থাকা। জীবন যেখানে যেমন, সেটাকে মেনে নিয়েই চলতে হয়। আল্লাহ ভালো রেখেছেন।’
ছোটবেলার ঈদের আরেকটি স্মৃতি শেয়ার করে জায়েদ খান বলেন, ‘পিরোজপুরে আমাদের পাড়ায় আমরা বন্ধুরা মিলে স্টল দিতাম। চিপস, কোমল পানীয়সহ নানা কিছু বিক্রি করতাম। রাস্তায় যারা যেতেন, তাদের কাছে বিক্রি করে টাকা জমাতাম। সেই টাকা দিয়ে বিকেলে সবাই মিলে সিনেমা দেখতে যেতাম।’
এসকে/এসএন