© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐক্যফ্রন্টের জরুরি বৈঠকে নেই বিএনপি

শেয়ার করুন:
ঐক্যফ্রন্টের জরুরি বৈঠকে নেই বিএনপি
own-reporter
০৬:৫৪ পিএম | ১৭ জানুয়ারি, ২০১৯

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে আয়োজিত ঐক্যফ্রন্টের জরুরি বৈঠকে বিএনপি নেতারা অংশ নেননি। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় ৫টা ৫০ মিনিটে।

তবে বিএনপির কোনো প্রতিনিধি কেন বৈঠকে অংশ নেননি তা জানা যায়নি। ফলে বিএনপি নেতাদের ছাড়াই বৈঠক শেষ করেন ড. কামাল হোসেন।  

এ বিষয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, আমি মিটিংয়ের খবর জানি না। আমাকে জানানো হয়নি, এটা আমি বলতে পারি। তাই বলতে পারবো না কিসের মিটিং।

সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কর্মকৌশল নির্ধারণ এবং জাতীয় সংলাপের বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মাদ মুনসুর প্রমুখ।

এ বিষয়ে জানতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

 

টাইমস/এক্স

মন্তব্য করুন