ঈদ আনন্দ সারা বছর ধরে রাখার আহ্বান তথ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৫:২২ পিএম | ২১ মার্চ, ২০২৬
ঈদের আনন্দঘন পরিবেশ ও সৌহার্দ্য সারা বছর ধরে রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে প্রত্যেকের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে হবে।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় বরিশালের গৌরনদী উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মন্ত্রী এ কথা বলেন।
একটি সুন্দর ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ গঠন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, একটি সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলা কেবল সরকার বা কোনো নির্দিষ্ট দলের পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই একটি টেকসই ও সমৃদ্ধশালী দেশ গঠন করা সম্ভব।
মানবিক মূল্যবোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রাণী হিসেবে মানুষ যে কত ক্ষুদ্র, তা আমাদের প্রতিটি মুহূর্তে উপলব্ধি করতে হবে। এই বোধ যদি আমাদের আচরণে প্রতিফলিত হয়, তবে পৃথিবীতে হানাহানি, ভেদাভেদ ও যুদ্ধ-বিগ্রহ অনেকাংশে কমে আসবে।
গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মহিউদ্দিন খান। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আনসার উদ্দিন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব উপস্থিত ছিলেন।
এমআই/টিকে