‘ধুরন্ধর ২’ নিয়ে চুপ দীপিকা, বাড়ছে জল্পনা!
ছবি: সংগৃহীত
০৫:৫১ পিএম | ২১ মার্চ, ২০২৬
ধুরন্ধর ২ মুক্তির পর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রণবীর সিং। অভিনয়ের প্রশংসায় সামাজিক যোগাযোগমাধ্যম সরব, বলিউডের অনেকেই তাঁর কাজের ভূয়সী প্রশংসা করছেন। কিন্তু এই সাফল্যের মধ্যেই আলাদা করে চোখে পড়েছে এক নীরবতা স্বামীর নতুন ছবিকে ঘিরে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি দীপিকা পাড়ুকোন।
সাধারণত একে অপরের কাজ নিয়ে প্রকাশ্যে উৎসাহ দিতে দেখা যায় এই তারকা দম্পতিকে। নতুন ছবি মুক্তি, পুরস্কার কিংবা বিশেষ অর্জন সবক্ষেত্রেই সামাজিক মাধ্যমে দুজনের পারস্পরিক শুভেচ্ছা প্রায় নিয়মিত দৃশ্য। তাই এবার দীপিকার নীরবতা অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছে।

চলচ্চিত্রটি যেমন প্রশংসা পাচ্ছে, তেমনি সমালোচনাও রয়েছে। একাংশের দর্শকের অভিযোগ, ছবির উপস্থাপনায় একপেশে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। এই প্রেক্ষাপটে অনেকে মনে করছেন, বিতর্ক এড়াতেই হয়তো মন্তব্য থেকে দূরে আছেন দীপিকা।
এর পেছনে পুরোনো অভিজ্ঞতার কথাও আলোচনায় এসেছে। ছপাক মুক্তির সময় ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ানো নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল দীপিকাকে। সেই ঘটনার পর থেকে জনসমক্ষে রাজনৈতিক বিতর্কে তাঁকে অনেক বেশি সংযত দেখা যায়।
ছবির মুক্তির দিনও স্বামীর প্রচারে সরাসরি যুক্ত না হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাই এর একটি অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। সামাজিক মাধ্যমেও রণবীরকে নিয়ে কোনো বার্তা দেননি তিনি।
এই নীরবতা নিয়ে অনুরাগীদের মধ্যে নানা ব্যাখ্যা ঘুরছে। কেউ মনে করছেন, বিতর্কিত আলোচনার বাইরে থাকতে চাইছেন অভিনেত্রী। আবার কেউ বলছেন, ব্যক্তিগত সমর্থন থাকলেও প্রকাশ্যে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছেন সচেতনভাবেই। তবে কারণ যাই হোক, বিষয়টি নিয়ে এখনো নিজে কিছু জানাননি দীপিকা।
পিআর/এসএন