বৈশ্বিক সংকট মোকাবিলায় সবাইকে মিতব্যয়ী হতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:১৪ পিএম | ২১ মার্চ, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় জনগণকে মিতব্যয়ী হতে হবে। কারণ যুদ্ধ থেমে গেলেও তার ক্ষত বিশ্বজুড়ে থেকে যাবে। সারা বিশ্বের মানুষ এখন এই পরিস্থিতি সামাল দেয়ার প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারও সব ধরনের প্রস্তুতি নিচ্ছে, তবে নাগরিক হিসেবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে।
শনিবার (২১ মার্চ) সকাল যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে একটি বৈশ্বিক সংকট চলছে। সরকার এই সংকট মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তবে এতে জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।
যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রতিমন্ত্রীর পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
নামাজে আরও অংশ নেন- জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী এস এম শাহীন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এমআই/টিকে