গোমতী নদীর মাটি কাটা বন্ধের দাবির মানববন্ধনে হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত
০৮:৫১ পিএম | ২১ মার্চ, ২০২৬
কুমিল্লায় অবৈধ ইটভাটা বন্ধ ও গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী চলাকালে হঠাৎ উপস্থিত হয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং যেকোন মূল্যে গোমতী নদীতে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়া তিনি গোমতী নদীতে মাটিখেকো কয়েকজন নাম জনসম্মুখে প্রকাশ করেন।
শনিবার (২১ মার্চ) বিকালে কুমিল্লার দেবিদ্বারের জনসাধারণের উদ্যোগে ফতেহাবাদ ইউনিয়নের লক্ষীপুর গোমতী নদীর ব্রিজের ওপর এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় এমপি হাসনাত আব্দুল্লাহ নিজেও গোমতী বাঁচাও, মাটি খেকোদের না বলুন, সঠিক নদী শাসন নিশ্চিত করো প্লেকার্ড প্রদর্শনপূর্বক সম্মতি জানিয়ে প্রতিবাদ জানান।
এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, এই গোমতী নদী এলাকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী রক্ষা করা সবার দায়িত্ব।
তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে অবৈধভাবে মাটি কাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি গোমতী নদীর মাটিখোকো লক্ষীপুরের আজাদ মোল্লা, হেলাল, মিজান, নয়নসহ কয়েকজনের নাম প্রকাশ করেন। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কয়েকটি প্রভাবশালী চক্র গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে।
এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদী তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। বক্তারা আরো বলেন, মাটিখেকোদের কারণে নদীর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এই অবৈধ মাটি কাটা বন্ধ না হলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।
এ বিষয়ে সন্ধ্যায় হাসনাত আবদুল্লাহ কালের কন্ঠকে বলেন, অবৈধ ইটভাটা বন্ধ ও গোমতী নদীর মাটিকাটা চিহ্নিত মাটিখেকোদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছিলেন। আমি খবর পেয়ে সেখানে যাই এবং এলাকাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।
গোমতী নদীতে যারা মাটি লুট করে এমন কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা রাতের আঁধারে গোমতীর নদীর মাটি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা গোমতী নদীর জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে কাজ করছি। তিনি আরো বলেন, দেবিদ্বারে একটা অবৈধ ইটভাটাও চলতে দেওয়া হবে না। এ জন্য যা করার তা-ই করা হবে।
এমআই/টিকে