কেন ভেঙে পড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা?
ছবি: সংগৃহীত
০৯:০৮ পিএম | ২১ মার্চ, ২০২৬
দক্ষিণী চলচ্চিত্রে দ্রুত জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী শ্রীলীলা এখন আলোচনার কেন্দ্রে থাকলেও তাঁর পথচলা সহজ ছিল না। সাম্প্রতিক সময়ে চিকিৎসাশাস্ত্রে স্নাতক শেষ করার খবর যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি অভিনয়ের শুরুতে মানসিক চাপের মুখে পড়ে এই পেশা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি।
পুষ্পা ২: দ্য রুল–এ অল্লু অর্জুন–এর সঙ্গে তাঁর বিশেষ গান ‘কিস্সা’ বিপুল সাড়া ফেলার পর দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম আলোচিত মুখে পরিণত হন শ্রীলীলা। কিন্তু জনপ্রিয়তার এই জায়গায় পৌঁছানোর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল।

অভিনেত্রীর ভাষ্য, অভিনয়জীবনের শুরুর দিকে তাঁকে ঘিরে প্রকাশিত নানা মন্তব্য, শিরোনাম ও আলোচনা মানসিকভাবে খুব আঘাত করেছিল। চারদিকে অবিরাম নজরদারি, ব্যক্তিজীবন নিয়ে অনবরত আলোচনা সব মিলিয়ে একসময় তাঁর মনে হয়েছিল, এই পেশায় টিকে থাকা হয়তো তাঁর পক্ষে সম্ভব নয়।
তিনি জানিয়েছেন, এমন অবস্থায় মায়ের কাছেই প্রথম নিজের অসহায়তার কথা বলেন। জানিয়েছিলেন, অভিনয়ের জগৎ তাঁর জন্য খুব কঠিন হয়ে উঠছে এবং তিনি হয়তো এই পথ ধরে এগোতে পারবেন না। তবে সময়ের সঙ্গে নিজেকে সামলে নিয়েছেন এবং এখন ফিরে তাকালে সেই লড়াই পেরিয়ে আসার জন্য স্বস্তি অনুভব করেন।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও সমান গুরুত্ব দিয়ে চালিয়ে গেছেন শ্রীলীলা। সম্প্রতি চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করে তিনি নতুন করে প্রশংসা কুড়িয়েছেন। তারকাজীবনের ব্যস্ততার মধ্যেও শিক্ষাজীবন ধরে রাখার বিষয়টি অনুরাগীদের কাছে বিশেষভাবে আলোচিত হয়েছে।
একসময় তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা জল্পনা ছড়িয়েছিল, বিশেষ করে কার্তিক আরিয়ান–এর সঙ্গে নাম জড়িয়েছিল আলোচনায়। তবে সে আলোচনা ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়। এখন শ্রীলীলার সামনে মূল আলোচনায় তাঁর কাজ, জনপ্রিয়তা এবং লড়াই পেরিয়ে উঠে আসার গল্প।
পিআর/এসএন