© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাদি হত্যা মামলা: কলকাতায় গ্রেপ্তার ফিলিপ সাংমার ১৪ দিনের জেল হাজত

শেয়ার করুন:
হাদি হত্যা মামলা: কলকাতায় গ্রেপ্তার ফিলিপ সাংমার ১৪ দিনের জেল হাজত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ পিএম | ২১ মার্চ, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় একটি আদালত।

পুলিশ রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হলে অতিরিক্ত মুখ্য বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আপাতত আদালতের নির্দেশে তার স্থান হয়েছে দমদম কেন্দ্রীয় কারাগারে।

ফিলিপের বিরুদ্ধে অভিযোগ, হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত বাংলাদেশি নাগরিক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশে সহায়তা করেছিল। সেই অভিযোগেই গত ১৩ মার্চ ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে ১৩ মার্চ ভোরের দিকে রাজ্যটির নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে এসটিএফ। এরপর তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছিল আদালত। এই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আজ তাকে আদালতে তোলা হয়।

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ তথ্য পায় এসটিএফ। তারা জানায়, বাংলাদেশের হালুয়াঘাট এলাকার ফিলিপ সাংমা নামের এক সীমান্ত দালালের সহায়তায় তারা মেঘালয় সংলগ্ন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে পার হয়ে ভারতে প্রবেশ করে।

তদন্তে আরও জানা যায়, পরবর্তীতে বাংলাদেশ পুলিশের চাপে ফিলিপ নিজেও একই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং দেশটির বিভিন্ন স্থানে অবস্থান করে। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৪ ফরেনারস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

টিকে/

মন্তব্য করুন