মন খারাপ নিয়েই ঈদ কাটালেন জয়া আহসান
ছবি: সংগৃহীত
১১:০০ পিএম | ২১ মার্চ, ২০২৬
ঈদ মানেই উৎসবের আমেজ। কিন্তু দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের এবারের ঈদের আনন্দে কিছুটা ভাঁটা পড়েছে। কারণ দুবাইয়ে আটকা পড়েছে তার ভাই। তবে মন খারাপকে সঙ্গী করেই আত্মীয়-স্বজনদের সঙ্গে এই বিশেষ দিন উদযাপনের আয়োজন করেছেন তিনি।
এমনটা জানিয়েছেন জয়া আহসান নিজেই। ভারতের পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জয়া বলেন, চাঁদ রাত থেকেই অভিনেত্রীর বাড়িতে অতিথি আপ্যায়নের তোড়জোড় শুরু হয়েছে।
জয়া বলেন, আমাদের কাছে চাঁদ রাত ভীষণ গুরুত্বপূর্ণ। এদিন রকমারি রান্নাবান্না হয়। আমরা হাতে মেহেদি পরি। আমি এবার কাচের চুরিতেও হাত সাজিয়েছি। পরিবারের সব ভাই-বোনেরা একসঙ্গে হয়েছিলাম।

ঈদের দিন সকালেও নিয়মমাফিক গুরুজনের দোয়া নিয়ে দিন শুরু করেছেন অভিনেত্রী। জয়া জানান, ঈদের সকালে প্রথমকাজ হচ্ছে গোসল করে মা এবং বাড়ির সব গুরুজনদের সালাম করা। এটাই রীতি। আমিও সেভাবেই দিন শুরু করেছি।
মন খারাপের বিষয়ে তিনি বলেন, মন খারাপের মাঝেও বাড়িতে মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। দুপুরে আমার বোন এবং পরিবারের বাকি সদস্যরা এসেছেন। ভাই যেহেতু দুবাইতে থাকে, ও ওখানেই আটকে পড়েছে। এবারে ওদের ইদ উদযাপনটা অন্যরকম হবে বলে মায়ের মন খুব খারাপ। তারপরও আমরা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করছি। সবাই আসবে। আড্ডা, খাওয়া-দাওয়া এটুকুই।
তবে এবার সালামি হিসেবে অনেক উপহার পেয়েছেন জয়া আহসান। এ কারণে নিজের জন্য কিছু কিনতে হয়নি এই অভিনেত্রীকে। তিনি জানান, শুধু মায়ের জন্য একটা শাড়ি কিনেছেন তিনি।
আইকে/টিকে