নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, উড়ে গেল রান্নাঘর-বাথরুমের ছাদ
ছবি: সংগৃহীত
০১:৫২ এএম | ২২ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি বসতবাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গেছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কদমতলী খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুনের ঝুঁকি নিয়ন্ত্রণে আনে।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, পেয়ারা বেগমের বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গিয়ে আংশিক ক্ষয়ক্ষতি হয়।
আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিরন মিয়া বলেন, ‘গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।’
তিনি আরো জানান, ঈদের ছুটির কারণে বাড়িটিতে ভাড়াটিয়া ও আশপাশে মানুষের উপস্থিতি কম থাকায় সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
ঘটনার পর এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইউটি/টিএ