অবশেষে ‘কাভি খুশি কাভি গাম’-এর দ্বিতীয় অধ্যায় নিয়ে মুখ খুললেন করণ জোহর!
ছবি: সংগৃহীত
০৯:০১ এএম | ২২ মার্চ, ২০২৬
বলিউডে পুরোনো জনপ্রিয় ছবিকে ঘিরে নতুন আলোচনা প্রায়ই ফিরে আসে। বিশেষ করে যে ছবিগুলো সময়ের সঙ্গে দর্শকের আবেগের অংশ হয়ে গেছে, সেগুলো নিয়ে সামান্য গুঞ্জনও দ্রুত ছড়িয়ে পড়ে। এবার তেমনই আলোচনার কেন্দ্রে এসেছে ‘কাভি খুশি কাভি গাম’। কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল, পরিচালক করণ জোহর নাকি এই ছবির দ্বিতীয় অধ্যায় নিয়ে ভাবছেন। একই সঙ্গে তাঁর স্থগিত হয়ে থাকা আরেক ছবি ‘তখ্ত’-এর কাজও আবার শুরু হতে পারে বলে খবর ছড়ায়।
এই দুই গুঞ্জন একসঙ্গে সামনে আসতেই অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়ে। কারণ, ‘কাভি খুশি কাভি গাম’ শুধু একটি সফল ছবি নয়, বহু দর্শকের কাছে এটি পারিবারিক আবেগের স্মৃতি। ছবির সংলাপ, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক দ্বন্দ্ব আর মিলনের দৃশ্য এখনও আলোচনায় আসে। তাই দ্বিতীয় অধ্যায়ের সম্ভাবনার কথা উঠতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।

অবশেষে সব জল্পনার জবাব দিয়েছেন করণ জোহর নিজেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে ‘কাভি খুশি কাভি গাম’-এর দ্বিতীয় অধ্যায় তৈরির কোনো ইচ্ছা তাঁর নেই। তাঁর ভাষায়, ছবিটির সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। এখনও অনেক দর্শক আগের মতোই ছবিটি দেখতে ভালোবাসেন। সেই অনুভূতিকে অক্ষুণ্ন রাখতেই তিনি নতুন অধ্যায়ে যেতে চাইছেন না।
একই সঙ্গে ‘তখ্ত’ নিয়েও ছড়িয়ে পড়া খবরকে ভুল বলে জানিয়েছেন তিনি। করণ কথায়, আপাতত ওই ছবির কাজ আবার শুরু করার কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে যদি নতুন করে কিছু ভাবেন, তবে সেটি তিনিই আনুষ্ঠানিকভাবে জানাবেন।
দীর্ঘদিন ধরে পরিচালকের আসনে খুব বেশি দেখা যাচ্ছে না করণ জোহরকে। সাম্প্রতিক সময়ে তিনি মূলত প্রযোজনার কাজেই মনোযোগী। তবু তাঁর পুরোনো ছবিগুলো নিয়ে দর্শকের আগ্রহ এতটাই অটুট যে, একটি সম্ভাবনার খবরই নতুন আলোচনার জন্ম দিচ্ছে।
অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন এবং কারিনা কাপুর খান অভিনীত এই ছবি এখনও প্রজন্ম পেরিয়ে দর্শকের মনে জায়গা ধরে রেখেছে। তাই নির্মাতা না বললেও, ছবিটি ঘিরে আগ্রহ কমছে না।
পিআর/এসএন