বলিউড তারকাদের ঈদ উদ্যাপন!
ছবি: সংগৃহীত
০৯:৪৭ এএম | ২২ মার্চ, ২০২৬
প্রতি বছর ঈদের দিনে বারান্দার গ্যালাক্সি-এর সামনে ভিড় জমে একটাই আশায় এক ঝলক দেখা মিলবে সালমান খান-এর। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে দিনভর অনুরাগীদের মধ্যে ছিল এক ধরনের অনিশ্চয়তা। কারণ কয়েক দিন ধরেই অভিনেতার বাবা সেলিম খান হাসপাতালে ভর্তি ছিলেন। তাই অনেকেই ভাবছিলেন, এ বছর হয়তো আর বারান্দায় আসবেন না সালমান।
কিন্তু সন্ধ্যা নামতেই সেই অপেক্ষার অবসান। বুলেটপ্রুফ কাচে ঘেরা বারান্দায় হাজির হন সালমান খান। তাঁর পাশে হুইলচেয়ারে ছিলেন বাবা সেলিম খান। হাত তুলে অনুরাগীদের অভিবাদন জানান দুজনেই। মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নিচে জড়ো হওয়া ভক্তদের মধ্যে।
এবারের উপস্থিতিতে পোশাকেও ছিল আলাদা পরিবর্তন। প্রতি বছরের মতো কুর্তা-পাজামা নয়, সলমনের পরনে ছিল শার্ট আর প্যান্ট। ঠোঁটে ছিল স্বাভাবিক হাসি, যদিও নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। সঙ্গে ছিলেন বোনের সন্তান আয়াত ও আহিল, পরিবারের আরও কয়েকজন সদস্য এবং ভাই আরবাজ খান। ছোটদেরও দেখা যায় বারান্দা থেকে হাত নাড়তে।
দুই বছর আগে এই বাড়ির বারান্দা লক্ষ্য করে গুলির ঘটনার পর থেকেই সলমনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এখন তাঁর চলাফেরা থেকে জনসমক্ষে উপস্থিতি সবকিছুতেই কড়া নজরদারি থাকে। বুলেটপ্রুফ কাচের আড়ালে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানানোর দৃশ্য তাই নতুন বাস্তবতারই অংশ হয়ে উঠেছে।

অন্যদিকে, বহু বছর ধরে ঈদের দিনে অনুরাগীদের সামনে দাঁড়ানো শাহরুখ খানকে এবার দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে একাধিক হুমকি ফোন পাওয়ার পর তাঁর নিরাপত্তা নিয়েও আলোচনা চলছে। ফলে এ বছরের নীরবতা ঘিরে অনুরাগীদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।
ঈদ উদ্যাপনে পিছিয়ে ছিলেন না কারিনা কাপুল খান ও সাইফ আলি খান। পারিবারিক আয়োজনে একসঙ্গে সময় কাটান তাঁরা। খাবারের টেবিলে ছিল বিরিয়ানি, আর ঘরোয়া উৎসবেই কাটে তাঁদের দিন। একই পরিবারের আরেক সদস্য সোহা আলি খান বিশেষ পায়েস রান্না করেন। তাঁর সঙ্গে ঈদের ছবি ভাগ করে নেন সারা ইলি খান-ও।
স্বরা ভাস্কর জানান, তাঁদের বাড়িতে এ বছর বড় আয়োজন হয়নি। পরিবারের এক সদস্য অসুস্থ থাকায় উৎসব সীমিত রাখা হয়েছে। অন্যদিকে প্রয়াত ইরফান খান-এর স্ত্রী সুতপা সিকদার জয়পুর থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন স্মৃতিমাখা কিছু ছবি দিয়ে।
এবারের ঈদে ভালোবাসার বার্তাও দিয়েছেন সোনাক্ষী ও জাহির ইকবাল । নিজেদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ করে তাঁরা উৎসবের দিনে কাছাকাছি থাকার কথাই তুলে ধরেছেন।
পিআর/এসএন