ফের দুই দশক পর একসঙ্গে পিটার জ্যাকসন-কেট উইন্সলেট
ছবি: সংগৃহীত
০১:৩৬ পিএম | ২২ মার্চ, ২০২৬
দুই দশক পর আবারও নির্মাতা পিটার জ্যাকসনের আঙিনায় ফিরছেন ‘টাইটানিক’ খ্যাত অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। তবে এবার কোনো সাধারণ গল্পে নয়, তিনি যোগ দিচ্ছেন জেআরআর টলকিনের মহাকাব্যিক দুনিয়া ‘মিডল আর্থ’-এ। ‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমা ‘দ্য লর্ড অব দ্য রিংস : দ্য হান্ট ফর গলাম’-এ প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে।
দীর্ঘ ২০ বছর পর বড় পর্দায় ফিরছে এই ফ্র্যাঞ্চাইজি, যা নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, ছবিটি পরিচালনা করবেন অ্যান্ডি সার্কিস (যিনি গোল্লাম চরিত্রে অভিনয় করেছিলেন)। প্রযোজনায় থাকছেন পিটার জ্যাকসন।

কেট উইন্সলেট ছাড়াও এই ছবিতে পুরোনো জনপ্রিয় মুখদের দেখা যাবে। এলাইজা উড পুনরায় ফিরছেন ফ্রোডো চরিত্রে। ইয়ান ম্যাককেলানকে দেখা যাবে জাদুকর গ্যান্ডালফ হিসেবে।
মে মাসের শেষ থেকে অক্টোবর পর্যন্ত নিউজিল্যান্ডে ছবিটির শুটিংয়ের জন্য কেট উইন্সলেটকে রাজি করাতে অ্যান্ডি সার্কিস ও পিটার জ্যাকসন দীর্ঘ সময় ব্যয় করেছেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ ছবির মাধ্যমেই কেটের ক্যারিয়ারের মোড় ঘুরেছিল। দীর্ঘ সময় পর তারা আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।
তবে ২০২৪ সালে ওয়ার্নার ব্রাদার্স এই ছবিটির ঘোষণা দিলেও সম্প্রতি কেট উইন্সলেটের যুক্ত হওয়ার খবরটি একে আলোচনায় নিয়ে এসেছে। অ্যামাজনের বর্তমান সিরিজ ‘দ্য রিংস অফ পাওয়ার’-এর সঙ্গে এই সিনেমার কোনো সম্পর্ক নেই।
সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৭ সালের ১৭ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পিআর/এসএন