© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধের কারণে বাতিল হলো শাকিরার ভারত সফর!

শেয়ার করুন:
যুদ্ধের কারণে বাতিল হলো শাকিরার ভারত সফর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ২২ মার্চ, ২০২৬
পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির প্রভাব এবার এসে পড়ল আন্তর্জাতিক সংগীত আয়োজনেও। বহু প্রতীক্ষিত ভারত সফর শেষ পর্যন্ত বাতিল করলেন লাতিন পপ তারকা শাকিরা। প্রায় উনিশ বছর পর তাঁর ভারতীয় মঞ্চে ফেরার কথা ছিল, কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা আপাতত থেমে গেল।

প্রথমে দুই দিনের অনুষ্ঠানের কথা থাকলেও দর্শকের আগ্রহ বাড়তে থাকায় পরে আরও একটি দিন যুক্ত করা হয়েছিল। ঠিক হয়েছিল এপ্রিলের ১০, ১১ ও ১৫ তারিখে তিনটি আলাদা পরিবেশনায় অংশ নেবেন তিনি। এর মধ্যে মুম্বাই-এ দুই দিন এবং দিল্লী-তে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে বড় আয়োজনে প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরেই।

টিকিট বিক্রিও শুরু হয়েছিল অনেক আগে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সবচেয়ে কম মূল্যের টিকিট ছিল ছয় হাজার টাকা, আর বিশেষ আসনের টিকিটের দাম পৌঁছেছিল এক লক্ষ টাকার কাছাকাছি। অনেকেই আগেভাগে যাতায়াত ও থাকার ব্যবস্থাও চূড়ান্ত করে ফেলেছিলেন।

কিন্তু ইসরাইল ও ইরান-এর চলমান যুদ্ধ পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তা তৈরি করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পী ও দর্শকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা টিকিট কেটেছেন, তাঁদের টাকা আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফেরত দেওয়া হবে।



আয়োজকরা আরও জানিয়েছেন, আপাতত নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এই ঘোষণার পর অনুরাগীদের মধ্যে হতাশা যেমন দেখা দিয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও প্রকাশ করছেন অনেকে।

২০০৭ সালের পর এই প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সংগীতানুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন শাকিরা। যদিও সম্প্রতি এক বিশেষ পারিবারিক অনুষ্ঠানে ভারতীয় দর্শকের জন্য গান গেয়েছিলেন, সেটি দেশের বাইরে হয়েছিল। ফলে এবারের সফর ঘিরে প্রত্যাশা ছিল অনেক বেশি।

এই সফরের আরেকটি বিশেষ দিক ছিল মানবিক উদ্যোগ। জানা গেছে, অনুষ্ঠান থেকে পাওয়া অর্থের একটি অংশ দরিদ্র শিশুদের খাদ্য সহায়তায় ব্যয় করার পরিকল্পনাও ছিল তাঁর।

যুদ্ধের দূরবর্তী অভিঘাত যে বিনোদনের মঞ্চকেও থামিয়ে দিতে পারে, শাকিরার সফর বাতিল সেই বাস্তবতাই আবার সামনে এনে দিল।

পিআর/এসএন

মন্তব্য করুন