© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্ভয়ে কথা বলাই গণতন্ত্রের প্রধান শর্ত: রিজভী

শেয়ার করুন:
নির্ভয়ে কথা বলাই গণতন্ত্রের প্রধান শর্ত: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ পিএম | ২২ মার্চ, ২০২৬
নির্ভয়ে কথা বলাই গণতন্ত্রের প্রধান শর্ত মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ এখন নির্ভয়ে কথা বলতে পারছেন। কথা বললে কেউ গুম হবেন না, এই নিশ্চয়তা দেওয়া যায়। কেননা সংসদের ভেতরে-বাইরে বা টকশোতে অবলীলায় ও নির্বিঘ্নে কথা বলছেন সবাই। প্রাণভরে কথা বলা ও সত্য উচ্চারণের এ পরিবেশই গণতন্ত্রের প্রধান শর্ত।

রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্রের অঙ্গীকার পূরণে নিরলস কাজ করে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখনও কাজ করছেন। এখনও প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলা হচ্ছে এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। অথচ ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই।

তিনি বলেন, আর কয়েকদিন পরই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। শুধু তাই নয়, হাজার বছরের সংগ্রাম যুদ্ধ ও রক্তপাতের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা প্রস্ফুটিত হয়ে উঠেছে। এক অকুতোভয় বীর সেদিনের মেজর জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যে দিশা দিয়েছিলেন, সেই পথ ধরেই ছাত্র, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই যুদ্ধ ছিল পৃথিবীর সব মানুষের কাছে প্রেরণাদায়ক। এই যুদ্ধ ছিল রক্তক্ষয়ী।

ক্রমাগতভাবে বিএনপির সরকার এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সামাজিক যেসব অন্যায়-অবিচার রয়েছে সেটি দূরীভূত করে ন্যায়বিচারের যে অঙ্গীকার সেই পথে ক্রমাগতভাবে বিএনপির সরকার এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রের নতুন এই পথচলায় সবার সহযোগিতা লাগবে। কিন্তু মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করা ঠিক নয়। এতে কোনো লাভ হয় না।

তিনি বলেন, আমরা গত নির্বাচনেও দেখেছি কত ধরনের মিথ্যাচার করা হয়েছে। কত কলঙ্ক আরোপ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণ সবচেয়ে বড় বিচারক। আমরা বলবো তাদের কথা বলার স্বাধীনতা রয়েছে। কিন্তু মিথ্যা কথা বলার স্বাধীনতা বোধ হয় জনগণ পছন্দ করে না। ন্যায়সংগত সমালোচনা করার প্রত্যেকেরই অধিকার রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, কুৎসা রটনা করা শেখ হাসিনার কাজ। ফ্যাসিবাদের কাজ। ফ্যাসিবাদের এসব লক্ষণ ধারণ করে যারা বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচারের চেষ্টা করছেন তাদের ওপরেই ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে।

এসকে/এসএন

মন্তব্য করুন