যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের ক্ষোভ প্রকাশ
ছবি: সংগৃহীত
০৫:০২ পিএম | ২২ মার্চ, ২০২৬
বাংলাদেশের সার্বিক যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা, সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান দুর্ঘটনা এবং সাধারণ মানুষের চরম ভোগান্তির জন্য তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
গোলাম পরওয়ার বলেন, ২২ মার্চ রাত ৩টায় কুমিল্লায় এক ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত আরও ১০ জন আহত হয়েছে। প্রতিনিয়ত মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, অথচ সরকারের মধ্যে এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ বা জবাবদিহিতা নেই। এই অবস্থা একটি সভ্য রাষ্ট্রে কখনোই মেনে নেওয়া যায় না। আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছি।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক রেল ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি প্রমাণ করে যে, দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা বিরাজ করছে। এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি বিএনপি সরকারের অযোগ্য, অথর্ব সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমকে দায়ী করে বলেন, তার চরম অবহেলা, অদক্ষতা এবং দায়িত্বহীনতার কারণেই আজ সাধারণ মানুষ নিরাপদে চলাচলের ন্যূনতম নিশ্চয়তা থেকে বঞ্চিত।
তিনি আরও বলেন, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং রেলক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি- সবকিছু মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আমি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সড়ক ও রেলপথে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, কঠোর তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি।
আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের প্রতি ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, জনগণের জীবন রক্ষা করতে ব্যর্থ এই সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় দেশের মানুষই এর যথাযথ জবাব দেবে।
এসকে/এসএন