প্রভাবশালীদের কাছ থেকে প্রত্যেকটি খাল উদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:১৪ পিএম | ২২ মার্চ, ২০২৬
ঝালকাঠির রাজাপুর উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।
রোববার সকালে উপজেলার আংগারিয়া এলাকায় তুলাতুলি খালের খনন প্রকল্পের ফলক উন্মোচন করে নিজ হাতে খাল কেটে কাজের উদ্বোধন করেন তিনি।
ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ কোটি ১১ লাখ ১৪ হাজার ৩৬৭ টাকা ব্যয়ে সাড়ে ৩দশমিক ৪১ কিঃমিঃ খাল খনন করা হবে। যা বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। সবাই সহযোগিতা করলে আবারও এ দেশে সুফলা-সুজলা বাংলাদেশ হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রভাবশালীরা সারাদেশে খাল দখল করে রেখেছে। যারা খাল দখল করেছে তাদের বয়কট করতে হবে, মন থেকে ঘৃণা করতে হবে। প্রত্যেকটি খাল বিএনপি সরকার উদ্ধার করে মানুষের জন্য ব্যবহারের উপযোগী করে জীবনধারাকে নতুন করে সাজিয়ে দেবে বলেও উল্লেখ করেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের এমপি রফিকুল ইসলাম জামাল, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাহাদাৎ হোসেন, পুরিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
টিকে/