© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফয়সাল ও আলমগীরকে ফেরানোর বিষয়ে কী জানা গেল?

শেয়ার করুন:
ফয়সাল ও আলমগীরকে ফেরানোর বিষয়ে কী জানা গেল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৫ পিএম | ২২ মার্চ, ২০২৬
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার আসামিদের দেশে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যোগাযোগ করছে।

রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, হাদি হত্যা মামলাটি এখন সিআইডি দেখভাল করছে। সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের ফেরানোর বিষয়ে যোগাযোগ করছে।

গত ৮ মার্চ হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। চার দিন রিমান্ড শেষে রোববার তাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

তবে আদালতে তোলার সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির চাল হতে পারে।’ তিনি দাবি করেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না।’

এসময় তিনি ওসমান হাদিকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বলেও মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসকে/টিকে

মন্তব্য করুন