© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে অভুক্ত কুকুর-বিড়ালের পাশে ‘ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন’

শেয়ার করুন:
ঈদে অভুক্ত কুকুর-বিড়ালের পাশে ‘ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন’

ছবি: সংগৃহীত

রাজীব ইসলাম, মোবাইল জার্নালিস্ট
০৮:৪৫ পিএম | ২২ মার্চ, ২০২৬
ঈদের ছুটিতে যখন নগরবাসীর বড় একটি অংশ নাড়ির টানে রাজধানী ছেড়ে নিজ নিজ গ্রামে চলে যান, তখন অনেকটাই ফাঁকা হয়ে পড়ে ব্যস্ত ঢাকা শহর। এ সময় খাবারের অভাবে কষ্টে পড়ে পথের কুকুর–বিড়াল। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দেখা যায়, একটি অটোরিকশা এসে থামতেই আশপাশের কুকুরগুলো দৌড়ে আসে। পরে দেখা যায়, তাদের খাবার বিতরণ করছেন শারমিন সুলতানা, যিনি ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসক। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি এই সংগঠনের একজন স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছেন।

শারমিন সুলতানা জানান, ঈদের সময় শহর ফাঁকা হয়ে যাওয়ায় পথের প্রাণীগুলো খাবারের সংকটে পড়ে। তাই ‘ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন’ রাজধানীর মোট ১১টি পয়েন্টে অভুক্ত কুকুর–বিড়ালের জন্য খাবার সরবরাহ করছে।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আমরা খাবার বিতরণ করছি। ঈদের আগের দিন এবং ঈদের পরের দিনও আমাদের কার্যক্রম অব্যাহত থাকে।”

সংগঠনটির তথ্য অনুযায়ী, রাজধানীর আগারগাঁও এলাকায় খাবার রান্না করা হয়। সেখান থেকে দুটি পিকআপ ভ্যানের মাধ্যমে নির্দিষ্ট পয়েন্টগুলোতে খাবার পৌঁছে দেওয়া হয়। প্রতিটি পয়েন্টে ২ থেকে ৩ জন স্বেচ্ছাসেবক কাজ করেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাজ করেন ৪ জন।

খাবার বিতরণের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল, রমনা, আবদুল্লাহপুর, এয়ারপোর্ট ও মহাখালীসহ মোট ১১টি স্থান।

শারমিন সুলতানা আরও বলেন, “শুধু ঈদ নয়, বছরের বিভিন্ন সময় আমরা পথের কুকুর-বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা করে থাকি।”

প্রাণীর প্রতি সহমর্মিতার এমন উদ্যোগ নগরজীবনে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

টিকে/

মন্তব্য করুন