হরমুজ দ্বীপের কাছে এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
ছবি: সংগৃহীত
১০:৫০ পিএম | ২২ মার্চ, ২০২৬
একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। আজ রোববার (২২ মার্চ) দেশটির বলেছে যে, দেশটির দক্ষিণে হরমুজ দ্বীপের কাছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের একাধিক গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে। প্রমাণ হিসেবে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।
আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন মতে, ইরানিয়ান এয়ার ডিফেন্স জয়েন্ট হেডকোয়ার্টার্স আজ রোববার ঘোষণা করেছে, তারা দক্ষিণ ইরানে একটি অনুপ্রবেশকারী যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীর পাশে দক্ষিণ উপকূলের আকাশসীমায় একটি এফ-১৫ যুদ্ধবিমান শনাক্ত করা হয়। এরপর স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ওই বিমানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
তবে অন্যান্য সূত্র থেকে তাৎক্ষণিকভাবে ইরানের এই দাবি নিশ্চিত করা হয়নি এবং পাইলটের ভাগ্যে কী ঘটেছে বা ধ্বংসাবশেষ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এফ-১৫ ঈগল যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি। এটি তৈরি করেছে ম্যাকডনেল ডগলাস যা বর্তমানে বোয়িংয়ের অংশ। এটি যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরাইল, সৌদি আরব ও জাপানসহ আরও কয়েকটি দেশ ব্যবহার করে।
এর আগে গত শনিবার (২১ মার্চ) নিজেদের আকাশসীমায় ইসরাইলের একটি এফ-১৬ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের দাবি অনুযায়ী, এটি ইসরাইলের তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান যা গত তিন সপ্তাহে ভূপাতিত করা হয়েছে। ইসরাইল বিষয়টি স্বীকার করলেও দাবি করে, এতে বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তার আগে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। সেই সঙ্গে দাবির পক্ষে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি নাকচ করে দেয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ সামরিক আগ্রাসন শুরু করে। এতে তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন।
ইরান এর প্রতিশোধ হিসেবে ইসরাইল, জর্ডান, ইরাক ও মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েনকারী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।
এমআই/টিকে