নাটোরে বিয়ের একদিন আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
ছবি: সংগৃহীত
০১:৩২ এএম | ২৩ মার্চ, ২০২৬
বিয়ের আয়োজনের আনন্দ আর উৎসবের প্রস্তুতিও শেষ পর্যায়ে। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নিল বিষাদে।
সবকিছু ঠিক থাকলে আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে বিয়ের কথা ছিল পাবনার বাসিন্দা ইঞ্জিনিয়ার জুলফিকার আলী জিল্লুর। কিন্তু রোববার বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত ওই যুবক হলেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনসারুল হক প্রামাণিকের ছেলে।
জানা গেছে, সোমবার বিয়ের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের জন্য নাটোরের বনপাড়া থেকে বোন-ভগ্নিপতিকে আনতে তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রাম থেকে প্রাইভেটকার যোগে রওনা হন। পথে গড়মাটি এলাকায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই জুলফিকার আলী জিল্লুর মৃত্যু হয়। এতে করে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ইউটি/টিএ