ইরানে অপ্রয়োজনীয় এ যুদ্ধ শেষ হোক, চান ৯২ শতাংশ আমেরিকান
ছবি: সংগৃহীত
০৪:১৬ এএম | ২৩ মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ প্রয়োজনের চেয়ে বেশি ইচ্ছাকৃত, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ নাগরিক। সিবিএস নিউজ ও ইউগভের নতুন একটি জরিপে এই তথ্য উঠে এসেছে।
গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে এই জরিপ চালানো হয়। এতে ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন।
জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। মাসের শুরুতে এই সংখ্যা ছিল ৫৬ শতাংশ। অর্থাৎ বিরোধিতা আরও বেড়েছে।
প্রায় ৬৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে বোঝাতে পারেনি। আর ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে।
সব মিলিয়ে ৬৬ শতাংশ মানুষ এটাকে 'ইচ্ছাকৃত যুদ্ধ' এবং ৩৪ শতাংশ 'প্রয়োজনীয় যুদ্ধ' বলে মনে করেন। দলীয় বিভাজনও স্পষ্ট। ৯২ শতাংশ ডেমোক্র্যাট ও ৭৩ শতাংশ স্বতন্ত্র ভোটার এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ মনে করেন। অন্যদিকে ৬৭ শতাংশ রিপাবলিকান যুদ্ধটিকে প্রয়োজনীয় বলে মনে করেন।
তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত। জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ মানুষ বলেছেন, 'এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি।'
যুদ্ধের লক্ষ্য নিয়েও মতামত এসেছে। ৮০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছেন। ৭৩ শতাংশ চান ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হোক। আর ৬৮ শতাংশ চান অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধ হোক।
ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে জনমত বিভক্ত। ৪৯ শতাংশ ইরানপন্থী নেতৃত্ব চান, বাকি ৫১ শতাংশ এর প্রয়োজনীয়তা দেখছেন না। আর বর্তমান শাসন বহাল রেখে যুদ্ধ শেষ করা গ্রহণযোগ্য কি না, সেই প্রশ্নে ৪৭ শতাংশ ইতিবাচক এবং ৫৩ শতাংশ নেতিবাচক মত দিয়েছেন।
ইউটি/টিএ