‘ধুরন্ধর’-এর আদিত্যকে নিয়ে বরাবরই নীরব স্ত্রী ইয়ামি গৌতম!
ছবি: সংগৃহীত
১০:২০ এএম | ২৩ মার্চ, ২০২৬
বড় সাফল্যের সময়েও নিজের ব্যক্তিগত পরিসরকে আড়ালেই রাখতে পছন্দ করেন ইয়ামি গৌতম। নতুন ছবির সাফল্যে যখন পরিচালক আদিত্য ধর এবং অভিনেতা রণবীর সিংকে ঘিরে চারদিকে উচ্ছ্বাস, তখন সেই আলোচনার মধ্যেও স্বামীকে নিয়ে নিজের অবস্থান বদলাননি অভিনেত্রী। বরং বহু আগেই জানিয়ে রেখেছিলেন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
বর্তমানে প্রেক্ষাগৃহে আলোচনার কেন্দ্রে রয়েছে ‘ধুরন্ধর ২’। ছবিটির সাফল্য ঘিরে নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রশংসা থামছেই না। পরিচালনায় আদিত্য ধরের কাজ যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি ছবিতে ইয়ামি গৌতমের উপস্থিতিও নজর কেড়েছে দর্শকের। তবে এত আলোচনার মাঝেও স্বামীকে নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে।
এই নীরবতার কারণও নতুন নয়। এক সাক্ষাৎকারে ইয়ামি বলেছিলেন, সামাজিক মাধ্যমে তিনি নিজের জীবনের প্রতিটি খুঁটিনাটি তুলে ধরেন না। কী খেলেন, কোথায় গেলেন, শরীর খারাপ হলো কি না এসব জানানো তাঁর প্রয়োজন বলে মনে হয় না। তাঁর ভাষায়, সব কিছু প্রকাশ্যে আনার দায় তিনি অনুভব করেন না। সেই কারণেই স্বামী কিংবা সংসারের কথাও তিনি খুব কমই সামনে আনেন।

যদিও ব্যক্তিগত জীবন আড়ালে রাখেন, তবু সম্পর্কের দৃঢ়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইয়ামি গৌতম ও আদিত্য ধর। পারিবারিক আবহে হওয়া সেই বিয়ে আলোচনায় আসে সরল আয়োজনের কারণে। পরে ২০২৪ সালে তাঁদের সংসারে আসে এক পুত্রসন্তান। সন্তানকে ঘিরে নতুন জীবনের শুরু হলেও সেই অধ্যায়ও তাঁরা অনেকটাই ব্যক্তিগত রেখেছেন।
নতুন ছবিতে ইয়ামিকে দেখা গেছে শাজিয়া বানোর চরিত্রে। গল্পে তিনি এমন এক তরুণী, যিনি সীমান্তের ওপারে লুকিয়ে থাকা এক চরিত্রকে সহায়তা করেন। ছবির ভেতরে তাঁর উপস্থিতি সংযত হলেও তা দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছে। মজার বিষয় হলো, অনেক দর্শকই এখনো জানেন না ছবির পরিচালকই তাঁর বাস্তব জীবনের স্বামী।
সম্প্রতি পরিচালক রামগোপাল বর্মা এই দম্পতির বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে সময় কাটিয়েছেন। পরে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে সেই সাক্ষাতের কথা জানান তিনি। সেই ছবিও নতুন করে আলোচনায় আনে ইয়ামি-আদিত্য জুটিকে।
এদিকে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির শুরুতেই আয় নিয়ে নতুন রেকর্ড গড়েছে। প্রথম দিনের আয়েই সাম্প্রতিক সময়ের বড় কয়েকটি দক্ষিণী ছবিকে পেছনে ফেলেছে এটি। ফলে পরিচালনায় আদিত্য ধর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কিন্তু এই উচ্ছ্বাসের মধ্যেও ইয়ামির অবস্থান একই রয়ে গেছে সাফল্যের পাশে থাকবেন, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের গল্প বলবেন নিজের মতো করে, প্রয়োজনের অতিরিক্ত নয়। এই সংযমই হয়তো তাঁকে অন্যদের থেকে আলাদা করে দেয়।
পিআর/টিকে