© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেন্টাগনের গণমাধ্যম নীতি অসাংবিধানিক: মার্কিন আদালত

শেয়ার করুন:
পেন্টাগনের গণমাধ্যম নীতি অসাংবিধানিক: মার্কিন আদালত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫০ এএম | ২৩ মার্চ, ২০২৬
পেন্টাগনে সংবাদকর্মীদের প্রবেশাধিকার সীমিত করার নীতিকে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন হিসেবে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

নিউইয়র্ক টাইমসের পক্ষে সায় দিয়ে শুক্রবার ফেডারেল আদালতের বিচারক পল ফ্রিডম্যান এ রায় দেন বলে দ্য হিলের খবরে জানানো হয়েছে।

৪০ পৃষ্ঠার রায়ে ফ্রিডম্যান লিখেছেন, “আদালত এটা স্বীকার করে যে, জাতীয় নিরাপত্তা, আমাদের সেনাদের নিরাপত্তা এবং যুদ্ধ পরিকল্পনা সুরক্ষিত রাখতে হবে। “তবে ভেনেজুয়েলায় সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের অনুপ্রবেশ এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এটি আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে, সরকার কী করছে সে সম্পর্কে জনগণ যেন বিভিন্ন জায়গা থেকে তথ্য পেতে পারে।”

ফ্রিডম্যান সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের সময় দায়িত্ব পাওয়া একজন বিচারক।

এই রায়ের প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, “আমরা এই রায়ের সঙ্গে একমত নই; আপিলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।”

পেন্টাগনের নতুন বিতর্কিত নীতি অনুযায়ী, সাংবাদিকদের প্রেস ব্যাজ পাওয়ার আগে একটি চুক্তিতে সই করতে হবে।

সেখানে বলা আছে, বিভাগের যেকোনো তথ্য, সেটা গোপনীয় না হলেও প্রকাশের আগে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন নিতে হবে।

গত বছর এই নীতি চালুর পর পর মূলধারার অনেক সাংবাদিক এতে সই করতে অস্বীকৃতি জানান। তারা একে সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলা হিসেবে অভিহিত করেন।

তবে পেন্টাগনের দাবি, সংবাদমাধ্যমগুলো নতুন নীতিকে ভুলভাবে ব্যাখ্যা করছে এবং এই নীতি পুরোপুরি আইনসম্মত।

এমআর/টিকে 

মন্তব্য করুন