‘ধুরন্ধর’ অভিনেতাদের মধ্যে সবচেয়ে ধনী কে?
ছবি: সংগৃহীত
১২:২৬ পিএম | ২৩ মার্চ, ২০২৬
প্রেক্ষাগৃহে ‘ধুরন্ধর ২’-এর সাফল্য যত বাড়ছে, ততই আলোচনায় উঠে আসছেন ছবির অভিনয়শিল্পীরা। কে কত পারিশ্রমিক নিয়েছেন, কার বাজারদর কোথায় পৌঁছেছে, আর কার ব্যক্তিগত সম্পদের পরিমাণ কত—এসব নিয়েই এখন কৌতূহল দর্শকের মধ্যে। বড় পরিসরের এই ছবিতে একসঙ্গে কাজ করা কয়েকজন প্রতিষ্ঠিত অভিনেতার আর্থিক অবস্থান তুলনা করতে গিয়ে স্পষ্ট হয়ে উঠছে, এই দলে সবচেয়ে এগিয়ে রয়েছেন রণবীর সিং।
বর্তমান সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন হিসেবে রণবীরের অবস্থান অনেক আগেই তৈরি হয়েছে। বিভিন্ন প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় চারশ কোটি টাকার কাছাকাছি। শুধু চলচ্চিত্র নয়, বিজ্ঞাপন, ব্র্যান্ড প্রচার এবং সামাজিক মাধ্যমে উপস্থিতি সব মিলিয়েই তাঁর আয়ের বিস্তার বড়। একটি প্রচারচিত্রে অংশ নিতে তিনি কয়েক কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন, আর সামাজিক মাধ্যমে একটি বাণিজ্যিক প্রকাশনাতেও তাঁর দর উল্লেখযোগ্য।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সঞ্জয় দত্ত। তাঁর সম্পদের পরিমাণ প্রায় তিনশ কোটির কাছাকাছি বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি ব্যবসায়ও সক্রিয়। প্রযোজনা প্রতিষ্ঠান, ক্রীড়া দল, নতুন ব্যবসায় বিনিয়োগ বহুমুখী আয় তাঁকে আলাদা জায়গায় রেখেছে। বিনোদনের বাইরেও আর্থিক বিস্তারে তাঁর দীর্ঘ পরিকল্পনার ছাপ স্পষ্ট।
অর্জুন রামপালকে ঘিরে সম্পদের হিসাব নিয়ে কিছু মতভেদ থাকলেও তিনি এই তালিকায় গুরুত্বপূর্ণ নাম। বিভিন্ন সূত্রে তাঁর সম্পদের পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। কোথাও তা অনেক বেশি, কোথাও তুলনামূলক কম। তবে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, মডেলিং এবং অন্যান্য বাণিজ্যিক কাজে যুক্ত থাকায় তাঁর আয়ের পরিধিও বিস্তৃত।
আর মাধবনের অবস্থান তুলনামূলক সংযত হলেও স্থিতিশীল। অভিনয়ের পাশাপাশি তিনি কাহিনি নির্মাণ, প্রযোজনা এবং নানা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত। দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে কাজ করায় তাঁর আর্থিক অবস্থানও দৃঢ় হয়েছে।
এই ছবির পারিশ্রমিকও নতুন করে আলোচনায় এসেছে। মূল চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বড় অঙ্ক পেয়েছেন রণবীর। অন্যদিকে সঞ্জয় দত্ত, আর মাধবন ও অন্যান্য অভিনেতারাও নিজেদের অবস্থান অনুযায়ী বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। ছবির প্রতিটি গুরুত্বপূর্ণ চরিত্রে পরিচিত মুখ থাকায় বাজেটের বড় অংশই গেছে অভিনয়শিল্পীদের পেছনে।

নারী চরিত্রেও পারিশ্রমিক নিয়ে আলোচনা কম নয়। ছবিতে গুরুত্বপূর্ণ উপস্থিতির জন্য সারা অর্জুনও উল্লেখযোগ্য অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বলে জানা যাচ্ছে। একই সঙ্গে পুরনো জনপ্রিয় গান নতুনভাবে ব্যবহারের ক্ষেত্রেও নির্মাতারা বড় অঙ্কের অর্থ ব্যয় করেছেন।
সব মিলিয়ে ‘ধুরন্ধর ২’ শুধু প্রেক্ষাগৃহে নয়, তারকাদের বাজারদরেও নতুন আলো ফেলেছে। ছবির সাফল্য যদি এভাবেই এগোয়, তবে সামনে এই শিল্পীদের পারিশ্রমিক ও সম্পদের হিসাব আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
পিআর/টিকে