‘শক্তির মাধ্যমে শান্তি’, কী ইঙ্গিত দিলেন ট্রাম্প!
ছবি: সংগৃহীত
০১:২৯ পিএম | ২৩ মার্চ, ২০২৬
হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ) রাতে।তার আগে কারো নাম না নিয়ে নতুন করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
স্থানীয় সময় রোববার রাতে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন ট্রাম্প। এতে তিনি লেখেন, ‘সহজ কথায় বলতে গেলে শক্তির মাধ্যমে শান্তি!!!’
গত কয়েক সপ্তাহ চেষ্টা করেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারেনি মার্কিন বাহিনী। শনিবার (২১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন-৪৮ ঘণ্টার মধ্যে (সোমবারের মধ্যে) প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেয়া হবে।
মার্কিন প্রেসিডেন্টের হুমকির জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে। সোমবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তেহরান উপসাগরীয় অঞ্চলের পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ধ্বংস করতে চায়-যুক্তরাষ্ট্রের এমন দাবি ‘ভিত্তিহীন’।
বিপ্লবী গার্ড জানায়, ‘আমরা ঘোষণা দিয়েছি, যদি আমাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়, তাহলে ইরান পাল্টা হিসেবে দখলদার শাসন (ইসরাইল) এর বিদ্যুৎকেন্দ্র এবং যেসব আঞ্চলিক দেশ মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে তাদের বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করবে। একই সময় অর্থনৈতিক, শিল্প ও জ্বালানি অবকাঠামোয় আমেরিকার অংশীদারিত্ব রয়েছে, সেগুলোতেও হামলা করা হবে।’
আইআরজিসি আরও জানায়, ‘তোমরা আমাদের হাসপাতাল লক্ষ্যবস্তু করেছ-আমরা করিনি। তোমরা আমাদের দাতব্য কেন্দ্র লক্ষ্য করে হামলা করেছ-আমরা করিনি; তোমরা আমাদের স্কুলে হামলা করেছ-আমরা করিনি। কিন্তু যদি তোমরা আমাদের বিদ্যুতে আঘাত করো, আমরা তোমাদের বিদ্যুতেই আঘাত করব।’
সূত্র: বিবিসি, আল জাজিরা
এমআর/টিকে