লাবুবু এবার সিনেমার পর্দায়, নতুন সিদ্ধান্তের পথে ‘পপমার্ট’!
ছবি: সংগৃহীত
০২:১৫ পিএম | ২৩ মার্চ, ২০২৬
অদ্ভুত গড়ন, বড় বড় চোখ, বেরিয়ে থাকা দাঁত আর লম্বা কান দেখতে অচেনা হলেও খুব অল্প সময়েই বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে লাবুবু। একসময় সংগ্রহের শখ, সাজসজ্জা কিংবা ব্যাগের ঝুলন্ত অলংকার হিসেবে যে পুতুল এত জনপ্রিয় হয়েছিল, এবার সেই লাবুবুই পা রাখতে যাচ্ছে সিনেমার পর্দায়।
চীনের খেলনা নির্মাতা প্রতিষ্ঠান পপমার্ট এবার তাদের সবচেয়ে আলোচিত চরিত্রটিকে নিয়ে বড় পরিকল্পনায় এগোচ্ছে। এই উদ্যোগে তারা হাত মিলিয়েছে সনি পিকচার্সের সঙ্গে। দুই প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় তৈরি হবে একটি অ্যানিমেশনধর্মী চলচ্চিত্র, যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকবে লাবুবু ও তার জগত।
ছবির পরিচালনার দায়িত্ব পেয়েছেন পল কিং, আর চিত্রনাট্য লিখছেন স্টিভেন লেভেনসন। বিশেষ বিষয় হলো, লাবুবুর স্রষ্টা শিল্পী কাসিং লুংও প্রযোজনা-সংশ্লিষ্ট দায়িত্বে থাকছেন। ফলে চরিত্রটির মূল সৃজনশৈলী অক্ষুণ্ন রাখার দিকেও বিশেষ নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে।
২০১৯ সালে প্রথম বাজারে আসে লাবুবু। শুরুতে চীনের সংগ্রাহক মহলে এটি আলোচনায় আসে, পরে দ্রুত জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এশিয়ার অন্য দেশগুলোতেও। ভারতীয় বাজারেও খুব অল্প সময়ের মধ্যে এই পুতুল বিশেষ পরিচিতি পায়। অনেকেই এটি ঘরের সাজে ব্যবহার করেন, কেউ আবার ব্যাগের অলংকার হিসেবে রাখেন।
বিশ্বের পরিচিত তারকাদের হাতেও দেখা গেছে লাবুবু। সমাজমাধ্যমে অনেকেই নিজেদের সংগ্রহের ছবি প্রকাশ করায় এর জনপ্রিয়তা আরও বাড়ে। শুধু একটি নকশা নয়, লাবুবুর রয়েছে বহু ভিন্ন রূপ। নানা রঙ, পোশাক ও থিমে তৈরি কয়েক শ ধরনের সংস্করণ বাজারে পাওয়া যায়, যেগুলো একত্রে ‘দ্য মনস্টার্স’ নামে পরিচিত।
এই পুতুলের আরেকটি বড় আকর্ষণ হলো অপ্রত্যাশিত প্রাপ্তি। প্রতিটি প্যাকেট বন্ধ অবস্থায় আসে, বাইরে থেকে বোঝা যায় না কোন সংস্করণটি ভেতরে রয়েছে। ফলে সংগ্রাহকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়।

জনপ্রিয়তার পাশাপাশি লাবুবুকে ঘিরে নানা রহস্যও ছড়িয়েছে। কিছু অনলাইন আলোচনায় একে ঘিরে অদ্ভুত কল্পকাহিনি তৈরি হয়েছে, যদিও নির্মাতারা বরাবরই এটিকে কল্পনাপ্রসূত চরিত্র হিসেবেই তুলে ধরেছেন।
এখন সেই চরিত্রকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত প্রমাণ করছে, খেলনার বাজার ছাড়িয়ে লাবুবু ইতিমধ্যে নিজস্ব সাংস্কৃতিক অবস্থান তৈরি করেছে। মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও, ছোট্ট পুতুলটির বড় পর্দায় আগমন নিয়ে আগ্রহ ইতিমধ্যে তৈরি হয়েছে দর্শকমহলে।
পিআর/টিকে