© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজ কাপুরের স্টুডিয়ো নিয়ে নতুন সিদ্ধান্ত, কী বললেন কারিনা ও রণবীর?

শেয়ার করুন:
রাজ কাপুরের স্টুডিয়ো নিয়ে নতুন সিদ্ধান্ত, কী বললেন কারিনা ও রণবীর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২১ পিএম | ২৩ মার্চ, ২০২৬
একসময় যে প্রাঙ্গণ ছিল হিন্দি চলচ্চিত্রের এক উজ্জ্বল ঠিকানা, সেই আর কে স্টুডিয়োকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, কপূর পরিবারের নতুন প্রজন্ম হয়তো রাজ কাপুরের সেই ঐতিহ্যবাহী স্টুডিয়োকে নতুনভাবে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে। বিশেষ করে রণবীর কাপুরের নাম সামনে আসায় অনুরাগীদের মধ্যে প্রত্যাশাও তৈরি হয়েছিল। তবে সেই সম্ভাবনায় আপাতত জল ঢেলে দিলেন কারিনা কাপুর।

সম্প্রতি এক আলোচনায় কারিনা জানান, পরিবারে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে, এমনকি পারিবারিক বার্তালাপেও বিষয়টি উঠে এসেছে। কিন্তু বাস্তবতা বিবেচনায় এখন আর কে স্টুডিয়োর পুনর্নির্মাণের পরিকল্পনা এগোচ্ছে না। তাঁর কথায়, এই দায়িত্ব নেওয়ার মতো অবস্থানে করিশ্মা কপূর কিংবা রণবীর কাপুর থাকতে পারতেন, কিন্তু এই মুহূর্তে দুজনেরই সেই দিকে এগোনোর পরিকল্পনা নেই।



কারিনা স্পষ্ট করে বলেন, তিনি নিজে প্রযোজনা বা পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহী নন। আর রণবীর এখন পুরো মনোযোগ দিচ্ছেন অভিনয়ে। নিজের সৃজনশীল কাজ, চরিত্র নির্বাচন এবং অভিনয়জীবনের দিকেই তিনি মনোযোগ রাখতে চান। ফলে স্টুডিয়োকে নতুনভাবে গড়ে তোলার মতো বড় সিদ্ধান্ত এখন আর বাস্তবসম্মত মনে হচ্ছে না।

হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে আর কে স্টুডিয়োর গুরুত্ব বিশেষ। ১৯৪৯ সালে ‘বরসাত’ ছবির সাফল্যের পর রাজ কপূর এই স্টুডিয়ো নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করেন। শহরের কেন্দ্র থেকে দূরে চেম্বুরে গড়ে ওঠা এই স্টুডিয়ো খুব দ্রুতই হয়ে ওঠে বড় বড় ছবির শুটিংয়ের নির্ভরযোগ্য কেন্দ্র। বহু স্মরণীয় দৃশ্য, জনপ্রিয় গান এবং চলচ্চিত্রজগতের আড্ডা জমেছে এই প্রাঙ্গণে।

রাজ কাপুরের সময়ে এখানে নিয়মিত চলচ্চিত্রের কাজ চলত। ‘ববি’ ছবির বিখ্যাত দৃশ্য থেকে শুরু করে অসংখ্য ছবির শুটিং হয়েছে এই স্টুডিয়োতে। শুধু কাজের জায়গা নয়, চলচ্চিত্র পরিবারের মিলনমেলাও ছিল এটি। কিন্তু সময়ের সঙ্গে সেই জৌলুস কমতে থাকে।

কয়েক বছর আগে স্টুডিয়োর বড় একটি অংশ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয় কপূর পরিবার। সেখানে আবাসন প্রকল্প তৈরির কাজ এগোচ্ছে। বাকি অংশটুকু নিয়ে এখনো কিছু আশা ছিল অনুরাগীদের মধ্যে। অনেকেই ভেবেছিলেন, ঐতিহ্যের স্মৃতি ধরে রাখতে অন্তত সেই অংশটি নতুনভাবে সাজানো হবে।

কিন্তু কারিনার বক্তব্যে পরিষ্কার হয়েছে, আপাতত সেই পরিকল্পনা নেই। ফলে চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই জায়গার ভবিষ্যৎ এখন মূলত স্মৃতিতেই সীমাবদ্ধ থাকছে। বহু প্রজন্মের আবেগ জড়িয়ে থাকা আর কে স্টুডিয়ো তাই নতুন রূপে ফিরবে কি না, সেই প্রশ্ন আপাতত উত্তরহীনই রয়ে গেল।

পিআর/টিকে

মন্তব্য করুন