করোনাভাইরাস তাড়াতে মন্দিরে যুবকের মাথা কেটে পুজো!
এবার করোনাভাইরাস তাড়াতে মন্দিরে নরবলি দেয়ার অভিযোগ উঠেছে এক পুরেহিতের বিরুদ্ধে। দেবতাকে তুষ্ট করতে হলে নরবলি দিতে হবে এমন স্বপ্ন দেখার পর ভয়ংকর ওই কাণ্ড ঘটিয়েছেন পুরোহিত। ভারতের উড়িষ্যার কটকে এক স্থানীয় মন্দিরের বৃদ্ধ পুরোহিতের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর তাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছেন, বুধবার গভীর রাতে নরসিংহপুর থানা এলাকায় বাঁধহুদা গ্রামের কাছে একটি স্থানীয় মন্দিরে ঘটনাটি ঘটছে। ওই মন্দিরের ৭২ বছরের পুরোহিত সংসারী ওঝার বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের নাম সরোজকুমার প্রধান। পুলিশ জানায়, থানায় আত্মসমর্পণ করে ঘটনার কথা স্বীকার করেছেন সংসারী ওঝা। তবে তদন্তকারীদের কাছে তার দাবি, করোনাভাইরাস বিনাশ করতে মন্দিরের দেবীর কাছ থেকে নরবলির স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি। সেই নির্দেশ মেনেই সরোজকে বলি দিয়েছেন। খবর: আনন্দবাজার।
কটকের ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) আশিসকুমার সিংহ জানিয়েছেন, সরোজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার রাতে ঘটনার সময় মাতাল ছিলেন সংসারী ওঝা। পরের দিন সকালে তার হুঁশ ফিরলে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। খুনের কথা স্বীকারও করেছেন সংসারী।
টাইমস/জেকে