শাহরুখ-সালমানের সম্পর্ক নিয়ে সেলিমের পুরোনো মন্তব্য!
ছবি: সংগৃহীত
০৩:০২ পিএম | ২৩ মার্চ, ২০২৬
সালমান অনেকের কাছেই ছিল আলাদা আকর্ষণ। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কেই ফাটল ধরে, আর সেই দূরত্বকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসে। এর মধ্যেই এক সময় সালমান খানের বাবা সেলিম খান এমন মন্তব্য করেছিলেন, যা আজও আলোচনায় ফিরে আসে।
দুই তারকার সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ২০০৮ সালে। একটি জন্মদিনের অনুষ্ঠানে কথাকাটাকাটি থেকে তৈরি হওয়া অস্বস্তি পরে বড় দূরত্বে গড়ায়। সেই ঘটনার পর দীর্ঘ সময় একে অপরের সঙ্গে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে তাঁদের। চলচ্চিত্রজগতেও তখন দুই তারকাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতার আলোচনা বাড়তে থাকে।
এই সময়েই সেলিম খান মন্তব্য করেছিলেন, শাহরুখ ও সালমানের মধ্যে গভীর বন্ধুত্ব টিকে থাকা কঠিন, কারণ তাঁরা দুজনই একই জায়গার প্রতিযোগী। তাঁর মতে, একে অপরের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক থাকতে পারে, কাজের খোঁজখবরও নেওয়া যেতে পারে, কিন্তু প্রকৃত বন্ধুত্ব সেখানে সহজ নয়।
সেলিম খানের সেই বক্তব্যে স্পষ্ট ছিল, জনপ্রিয়তার শীর্ষে থাকা দুই অভিনেতার মধ্যে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা কাজ করে। একই সময়ে দুজনেরই সাফল্য, প্রভাব এবং দর্শকভিত্তি এত বড় ছিল যে তুলনা এড়ানো সম্ভব হয়নি।
তবে সময়ের সঙ্গে সেই কঠোর সমীকরণ বদলাতে শুরু করে। কয়েক বছর পর এক উৎসবের আয়োজনে আবার মুখোমুখি হন দুই তারকা। সেখান থেকেই ধীরে ধীরে দূরত্ব কমে আসে। পরে একে অপরের ছবিতে বিশেষ উপস্থিতি, পারিবারিক মুহূর্তে পাশে দাঁড়ানো সব মিলিয়ে সম্পর্ক আবার নতুনভাবে গড়ে ওঠে।

শুধু কাজের ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত কঠিন সময়েও তাঁরা পাশে থেকেছেন। শাহরুখের পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে সালমানকে বারবার তাঁর বাড়িতে যেতে দেখা গেছে। আবার সেলিম খানের অসুস্থতার খবর পেয়ে শাহরুখও হাসপাতালে ছুটে গিয়েছিলেন।
ফলে একসময় যাকে কেবল প্রতিদ্বন্দ্বিতা বলে মনে হয়েছিল, সেই সম্পর্কই পরে অন্য মাত্রা পায়। সেলিম খানের পুরোনো মন্তব্য আজও আলোচনায় আসে ঠিকই, কিন্তু বর্তমান সময়ের শাহরুখ-সালমান সম্পর্ক দেখলে বোঝা যায়, দীর্ঘদিনের দূরত্বও অনেক সময় নতুন সমঝোতার জায়গা তৈরি করে।
পিআর/টিকে