ইসরায়েল ছাড়তে মার্কিন নাগরিকদের জন্য জরুরি বাস সার্ভিস চালু
ছবি: সংগৃহীত
০৪:০৭ পিএম | ২৩ মার্চ, ২০২৬
চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে জেরুসালেমে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার পরামর্শ দিয়েছে। দূতাবাস থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আকাশপথে সীমাবদ্ধতা থাকায় জরুরি বাস সার্ভিস চালু করেছে তারা।
এক বিবৃতিতে বলা হয়, মার্কিন নাগরিকরা চাইলে প্রতিবেশী দেশ জর্ডান ও মিশরে স্থলপথে প্রবেশ করে সেখান থেকে বাণিজ্যিক ফ্লাইটে গন্তব্যে যেতে পারবেন। বিশেষ করে আম্মান, কায়রো ও শারম আল-শেখ বিমানবন্দর থেকে ফ্লাইট চালু রয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ২৩ মার্চ থেকে ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে বাস সার্ভিস চালু করা হচ্ছে। এসব বাস যাত্রীদের জর্ডানের কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেবে।
এছাড়া উত্তর সীমান্তের জর্ডান রিভার/শেখ হুসেইন ক্রসিং দিয়েও যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। জেরুসালেম ও তেল আবিব থেকেও যাত্রার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
দূতাবাস বলেছে, যারা এই সুবিধা নিতে চান তাদের অনলাইনে নিবন্ধন করতে হবে। এরপর যাত্রার সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তবে পরবর্তী ভ্রমণ, যেমন আম্মান থেকে ফ্লাইট বুকিং—সেটি যাত্রীদের নিজ দায়িত্বে করতে হবে।
পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন তথ্য সরবরাহ করা হবে বলেও জানিয়েছে দূতাবাস।
আইকে/এসএন