© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন থেকে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার

শেয়ার করুন:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন থেকে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ পিএম | ২৩ মার্চ, ২০২৬
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে সাংগঠনিক সফরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তিনি দ্বিচারিতা হিসেবে আখ্যা দিয়ে জামায়াতের এই নেতা বলেন, জনগণের অভিপ্রায়ই হওয়া উচিত সর্বোচ্চ আইন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সহস্রাধিক প্রাণ আর হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, বর্তমান সরকারের কার্যক্রমে তার প্রতিফলন মিলছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও এখন তারা সেই পথ থেকে সরে এসেছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও পরোক্ষভাবে একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করিয়ে বিষয়টিকে বিচারাধীন করা হয়েছে, যা সরকারের পরোক্ষ মদদেই হয়েছে বলে তিনি মনে করেন। তার মতে, একদিকে জনগণের কথা বলা আর নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া চরম দুর্ভাগ্যজনক।

বক্তব্যে তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় নির্বাচনের চেয়েও গণভোটের পক্ষে জনসমর্থন বেশি ছিল। আইন মানুষের প্রয়োজনে তৈরি হয়, তাই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা কোনো গণতন্ত্রকামী দলের কাজ হতে পারে না। এই রাজনৈতিক সংকট নিরসনে তিনি সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করাই এখন একমাত্র সমাধান।

জামায়াত সেক্রেটারি জেনারেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই সংকটের সমাধান পার্লামেন্টে করবেন নাকি জনগণকে আবারও রাজপথের আন্দোলনে ঠেলে দেবেন। একটি দায়িত্বশীল দল হিসেবে জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ উভয় ক্ষেত্রেই জনগণের পক্ষে ভূমিকা রাখতে বদ্ধপরিকর। বিমানবন্দরে পৌঁছালে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

এবি/টিএ

মন্তব্য করুন