অনেক আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে : কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:৫৬ পিএম | ২৩ মার্চ, ২০২৬
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, অনেক আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। গত ১৭ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের দেশ পরিচালনায় মানুষ অতিষ্ঠ ও অসন্তোষ ছিল। তাই জনগণ বিদ্রোহ করে, আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় মাঠে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি, জাতীয়তাবাদী দল তাদের কর্ম ও আচরণ দিয়ে অতীতের রাজনৈতিক সরকারের নামে যে স্বৈরাচারী সরকার ছিল, যাদের আচরণে মানুষ অতিষ্ঠ ছিল আমাদের আচরণে মানুষ তা ভুলে যাবে। মানুষ বিএনপিকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে আর আমাদের দায়িত্ব জনগণকে ভালোবাসা। এই দেশ আমাদের, এই কুমিল্লা আমাদের, এই কুমিল্লাকে সুন্দর করা এই দেশকে সুন্দর করা আপনার-আমার প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে জনগণ ভালোবেসে আমাদের ভোট দিয়েছে।
আমরা যেন জনগণের সে ভোটের মূল্যায়ন করি। প্রধানমন্ত্রী ভালোবেসে আমাকে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, আমি যেন ঈমানের সহিত সে দায়িত্ব পালন করতে পারি।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা।
এসএন