উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও তরান্বিত করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
ছবি: সংগৃহীত
০৮:০৮ পিএম | ২৩ মার্চ, ২০২৬
জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, সেই জন ম্যান্ডেট যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও তরান্বিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের গবেষক ড. জিয়াউদ্দিন হায়দার।
সোমবার (২৩ মার্চ) দুপুরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায় স্বনির্ভর খালে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন,‘বিএনপি বরিশালে একটি শক্ত অবস্থানে আছে। এটা এখন আমাদের প্রমাণ করতে হবে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে।’
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘খাল খনন কর্মসূচি পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে যাবেন। এর মধ্যে তিনি বরিশালকে বেছে নেবেন। আমরা তাকে বরিশালে নিয়ে আসবো। যার মাধ্যমে বরিশালবাসী আরও উজ্জীবিত হবে।’
তিনি বলেন, বরিশাল সদরে স্বনির্ভর খাল আরও তিন কিলোমিটার খনন হবে। এ ছাড়াও বরিশালের গৌরনদীতে খাল খনন কাজ শুরু হয়েছে। খাল খননে অতীতে বরিশাল যেভাবে সাফল্য দেখিয়েছে এবার তার চেয়ে আরও বেশি সাফল্য দেখাবে বলে আশা প্রকাশ করেন এই উপদেষ্টা।
কর্মসূচিতে বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ সরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ