‘দীর্ঘদিন ধরে চলেছে প্রতিশোধের রাজনীতি, এখন সময় বেরিয়ে আসার’
ছবি: সংগৃহীত
০৮:৫০ পিএম | ২৩ মার্চ, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে মাদক ও মিথ্যা মামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন রুমিন ফারহানা। তিনি মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা দেওয়ার পাশাপাশি মামলা বাণিজ্য বন্ধে সংশ্লিষ্টদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিশোধমূলক রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। প্রতিশোধের রাজনীতি দীর্ঘদিন ধরে চলেছে, এখন সময় এসেছে সেখান থেকে বেরিয়ে আসার।
তিনি জোর দিয়ে বলেন, অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ভাবে শাস্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
রুমিন ফারহানা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথে নিচ্ছে। এ কারণে তার নিজ এলাকায় মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, সারা দেশে মামলা বাণিজ্য উদ্বেগজনক হারে বিস্তার লাভ করেছে। তার ভাষ্য, একটি মামলায় অসংখ্য নিরীহ মানুষকে আসামি করা হচ্ছে। মিথ্যা মামলা দায়ের করতে অর্থ লেনদেন হচ্ছে, আবার নাম বাদ দিতেও টাকা নেওয়া হচ্ছে এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলছে, বলেন তিনি। এ প্রবণতা অব্যাহত থাকলে তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে বলেও সতর্ক করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো মামলা এলে তা অবশ্যই যাচাই-বাছাই করতে হবে, যাতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন।
গ্রেপ্তার ও জামিন প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রুমিন ফারহানা বলেন, একটি মামলায় জামিন পেয়ে মুক্ত হওয়ার পরপরই অন্য মামলায় পুনরায় গ্রেপ্তারের ঘটনা বাড়ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। এ ধরনের প্রবণতার পরিণতি ভালো হবে না। আমাদের কোনো এক জায়গায় থামতে হবে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ