তেলের দাম নিয়ে ট্রাম্পের কৌশল ফাঁস করল ইরান
ছবি: সংগৃহীত
০৯:১৬ পিএম | ২৩ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গঠনমূলক আলোচনা’ সংক্রান্ত দাবিকে নাকচ করেছে ইরান। ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের এ বক্তব্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমানো এবং সামরিক প্রস্তুতির জন্য সময় নেওয়ার কৌশলের অংশ হতে পারে।
মন্ত্রণালয় আরও জানায়, আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতায় উত্তেজনা প্রশমনের উদ্যোগের পরিপ্রেক্ষিতে তেহরান স্পষ্ট করেছে, যুদ্ধের সূচনা তারা করেনি এবং এ সংঘাতের দায় অন্য পক্ষের।
রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম ফার্স ও তাসনিমের বরাতে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো আলোচনা হয়নি। তাদের দাবি, ইরানের হুঁশিয়ারিকে বিশ্বাসযোগ্য মনে করেই যুক্তরাষ্ট্র পিছু হটেছে।
এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরবে না এবং জ্বালানি বাজারেও দ্রুত স্থিতিশীলতা আসার সম্ভাবনা কম।
এদিকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে।
আল-জাজিরার তথ্যমতে, জিএমটি ১১ :০৮ নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে সেশন লো ৮৫ দশমিক ২৮ ডলারে অবস্থান করছে। এর আগে জাহাজে ইরানের হামলার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের উপরে উঠে গিয়েছিল।
আইকে/এসএন