© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘প্রধান বিষয়গুলোতে’ ইরানের সঙ্গে ঐকমত্য হয়েছে, দাবি ট্রাম্পের

শেয়ার করুন:
‘প্রধান বিষয়গুলোতে’ ইরানের সঙ্গে ঐকমত্য হয়েছে, দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০১ পিএম | ২৩ মার্চ, ২০২৬
গত এক দিনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৩ মার্চ) মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্প জানান, রবিবার ইরানের সঙ্গে কথা বলেছেন মধ্যপ্রাচ্যে তার পাঠানো বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ঘনিষ্ঠ সহকর্মী ও জামাই জ্যারেড কুশনার। এই আলোচনা সোমবারও চলমান থাকবে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা খুবই শক্তিশালী আলোচনা করেছি। দেখা যাক, কোথায় পৌঁছায়। প্রধান প্রধান সমঝোতার বিষয়গুলোতে- প্রায় সব বিষয়ে আমরা সমঝোতায় পৌঁছেছি। আমরা খুবই কার্যকরি আলোচনার মধ্যে রয়েছি।’

যুক্তরাষ্ট্র ইরানের কোন নেতার সঙ্গে আলোচনা করছে এ বিষয়ে জানতে চাইলে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তিনি জানান, যার সঙ্গে আলোচনা হচ্ছে তিনি ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নন।

ট্রাম্প বলেন, ইরানের অল্প কিছু নেতাই জীবিত রয়েছেন। যুক্তরাষ্ট্র যে ব্যক্তির সঙ্গে কথা বলছে, তাকে ইরানের সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী নেতা হিসেবেই মনে করছেন।

এদিকে রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, ইরানের ফারস নিউজ অ্যাজেন্সি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ নেই।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, ইরানের সঙ্গে ‘সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান’ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো ও গঠনমূলক’ আলোচনা হয়েছে এবং এই সংলাপ সপ্তাহজুড়ে চলবে।

এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র আপাতত ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সব ধরনের সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন তিনি।



ইউটি/টিএ

মন্তব্য করুন