ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
ছবি: সংগৃহীত
১০:০৯ পিএম | ২৩ মার্চ, ২০২৬
চলমান মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের ক্ষমতাসীন শাসনের সঙ্গে সংশ্লিষ্ট এক 'শীর্ষ ব্যক্তির' সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই ব্যক্তি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নন বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।
সোমবার (২৩ মার্চ) সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব তথ্য জানান।
যুক্তরাষ্ট্র ইরানের ঠিক কার সঙ্গে কথা বলছে— কলিন্সের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'একজন শীর্ষ ব্যক্তির সঙ্গে। ভুলে যাবেন না: আমরা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং মূলত তৃতীয় ধাপের নেতৃত্বকেও নিশ্চিহ্ন করে দিয়েছি। তবে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে আলোচনা করছি যাকে আমি 'সবচেয়ে সম্মানিত' এবং 'নেতা' বলে মনে করি। আপনারা জানেন বিষয়টি কিছুটা কঠিন, তারা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছেন; আমরা সবাইকে নিশ্চিহ্ন করে দিয়েছি।'
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে এই আলোচনা প্রক্রিয়ায় স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার সরাসরি যুক্ত রয়েছেন। তবে ইরানি পক্ষের সেই নির্দিষ্ট ব্যক্তির নাম তিনি প্রকাশ করেননি।
সাক্ষাৎকারে কেইটলান কলিন্স যখন সরাসরি জানতে চান যে যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে কথা বলছে কি না, তখন ট্রাম্প সাফ জানিয়ে দেন, 'না, সর্বোচ্চ নেতার সঙ্গে নয়।'
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পর্কে ট্রাম্প বলেন, 'আমরা এই ছেলের কাছ থেকে কিছুই শুনিনি। মাঝে মাঝে হয়তো কোনো বিবৃতি দেখা যায়; তবে আমরা জানিও না তিনি আসলে বেঁচে আছেন কি না।'
মোজতবা খামেনিকে ইরানের প্রকৃত নেতা হিসেবে মানতে নারাজ ট্রাম্প। তিনি যোগ করেন, 'আমি তাকে আসলে নেতা হিসেবে বিবেচনা করি না।'
ইউটি/টিএ