তৃতীয় বিয়ের কথা জানিয়ে আলোচনায় অভিনেত্রী ফিজা আলী
ছবি: সংগৃহীত
১০:৩৬ পিএম | ২৩ মার্চ, ২০২৬
তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন পাকিস্তানের আলোচিত অভিনেত্রী ফিজা আলী। গত ২১ মার্চ, অর্থাৎ ঈদের দিন পারিবারিক এক অনুষ্ঠানে এজাজ খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি পোস্ট করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নজর কেড়েছেন ফিজা। ছবিগুলোয় বর এজাজ খান ছাড়াও পাশাপাশি অভিনেত্রীর মেয়েকেও দেখা গেছে। এতে তারকার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনার অন্তরঙ্গ ও হৃদয়স্পর্শী মুহূর্ত স্পষ্ট ফুটে উঠেছে।
এ অভিনেত্রী ৪১ বছর বয়সে তৃতীয় বিয়ে করে জীবনের নতুন ও আবেগঘন অধ্যায় শুরুর কথা জানিয়েছেন। একইসঙ্গে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভালোবাসা ও শান্তিপ্রাপ্তির জন্য সৃষ্টিকর্তা মহান আল্লাহ তা’আলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তার ১১ বছর বয়সী কন্যাসন্তান ফারালকেও কৃতিত্ব দিয়েছেন। কেননা, তার কন্যাসন্তান মায়ের বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে ও এই আনুষ্ঠানিকতা উদযাপন করতে সমর্থন জানিয়েছেন।
ফিজাকে ছবিগুলোয় একটি কালো সেমি-ফর্মাল পোশাকের সঙ্গে সুন্দর কারুকার্য করা বাদামী ওড়না পরিহিত অবস্থায় দেখা গেছে। তার মতো একই রঙের পোশাকে সেজেছিলেন বর এজাজ খান। তিনি একটি সাধারণ পাঞ্জাবির ওপর কালো কোট পরেছিলেন।
প্রসঙ্গত, এটি ফিজার তৃতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালে ফাওয়াদ ফারুককে বিয়ে করেছিলেন। যেখানে একটি কন্যাসন্তান রয়েছে তাদের। কিন্তু বিয়ের মাত্র তিন বছর পর বিচ্ছেদ হয় এই দম্পতির। পরবর্তীতে ২০১৮ সালে ব্যবসায়ী আয়াজ মালিককে বিয়ে করেন ফিজা। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।
এর আগে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা খোলামেলা জানিয়েছিলেন। বিভিন্ন সময় জানিয়েছেন―এমন কাউকেই বিয়ের কথা ভাববেন তিনি, যে তার মেয়েকে নিজের মেয়ে হিসেবে মেনে নেবেন।
এবি/টিএ
এবি/টিএ