© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রাক্তন স্ত্রীর মামলায় নাট্য প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার

শেয়ার করুন:
প্রাক্তন স্ত্রীর মামলায় নাট্য প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৫ এএম | ২৪ মার্চ, ২০২৬
রাজধানীর কাফরুল এলাকায় প্রাক্তন স্ত্রী ও তার পরিবারের ওপর হামলা, লুটপাট এবং গুরুতর অসুস্থ সন্তানের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগে নাট্য প্রযোজক মো. সরোয়ার জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৩ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি (তদন্ত) রুবেল মল্লিক। 
 
তিনি জানান, গ্রেপ্তারের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাকে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে তোলা হবে। গত বুধবার (১৮ মার্চ) ভুক্তভোগী রুকাইয়া তাহসিনা (৩৫) বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন (সি.আর. মামলা নং ১৯৪/২৬)। 
 
মামলার এজাহারে রুকাইয়া তাহসিনা অভিযোগ করেন, সরোয়ার জাহান তার প্রাক্তন স্বামী। তাদের একমাত্র সন্তান বর্তমানে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হলেও শুরু থেকেই তিনি সন্তানের দায়িত্ব অস্বীকার করে আসছেন। শিশুটির জন্মের পর থেকে চিকিৎসা ব্যয় বহন তো দূরের কথা, কোনো খোঁজখবরও নেননি বলে দাবি করেন তিনি।
 

এজাহারে আরো বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে শিশুটির ব্রেইন টিউমার শনাক্ত হওয়ার পর চিকিৎসকরা ভারতের চেন্নাইয়ে ‘প্রোটন বিম থেরাপি’ নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই সময় বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার পাসপোর্ট নিজের জিম্মায় নিয়ে নেন আসামি, ফলে বিদেশে চিকিৎসা বাধাগ্রস্ত হয়।

অভিযোগ অনুযায়ী, একই বছরের ৩০ অক্টোবর সরোয়ার জাহান ভাড়াটে লোকজন নিয়ে কাফরুলে বাদীর বাসায় প্রবেশ করে তার মা ও বোনকে মারধর করেন এবং শ্লীলতাহানির চেষ্টাও চালান। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করা হয় বলে উল্লেখ করা হয়।
 
এ ছাড়া আসামির করা আরেকটি মামলায় বাদীকে পাঁচ দিন কারাভোগ করতে হয়েছে বলেও অভিযোগ করা হয়। পরে মামলা করতে গেলে প্রভাব খাটিয়ে থানা মামলা নেয়নি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় কাফরুল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
 
বাদীর অভিযোগ, পারিবারিক আদালত সন্তানের চিকিৎসা ব্যয় বহনের নির্দেশ দিলেও গত বছরের আগস্ট থেকে আসামি তা বন্ধ করে দিয়েছেন। একই সঙ্গে মডেল রিয়া বর্মণের সঙ্গে পরকীয়া সম্পর্ক আড়াল করতে গিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি ও চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
 
ভুক্তভোগী রুকাইয়া তাহসিনা বলেন, ‘আমি চাই অভিযুক্তকে যথাযথ আইনের আওতায় এনে বিচার করা হোক। আমার সঙ্গে হওয়া অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।’

এসএস/টিএ

মন্তব্য করুন