© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আবার চুমকি’ নিয়ে হাজির পান্থ কানাই

শেয়ার করুন:
‘আবার চুমকি’ নিয়ে হাজির পান্থ কানাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৭ এএম | ২৪ মার্চ, ২০২৬
বাংলা গানের জনপ্রিয় সৃষ্টি ‘চুমকি চলেছে একা পথে’ একসময় ‘খুরশীদ আলম’ এর কণ্ঠে ‘দোস্ত দুশমন’ সিনেমায় তুমুল জনপ্রিয়তা পায়। পরে পান্থ কানাই গানটি নতুনভাবে পরিবেশন করে আবারও শ্রোতাদের মন জয় করেন। সেই ধারাবাহিকতায় এবার ঈদে ‘আবার চুমকি’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি।

ঈদের দিন সন্ধ্যায় গানচিল মিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। গানটির কথা লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান, আর সংগীত পরিচালনা করেছেন বিবেক।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। ভিডিওতে ষাট-সত্তর দশকের বাংলা সিনেমার আবহ তুলে ধরা হয়েছে যেখানে পুরোনো দিনের নস্টালজিয়া নতুনভাবে ফুটে উঠেছে।



গানটি নিয়ে পান্থ কানাই বলেন, ‘চুমকি চলেছে একা পথে’ একটি কালজয়ী গান। নতুনভাবে উপস্থাপনের পর ভালো সাড়া পেয়েছিলাম। দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি “আবার চুমকি” শ্রোতাদের ভালো লাগবে এবং ঈদের আনন্দ বাড়াবে বলে আশা করি।’

খায়রুল বাসার জানান, এই গানটি এখনো সব প্রজন্মের কাছে জনপ্রিয়। নতুন এই গানে কাজ করতে পেরে তিনি উচ্ছ্বসিত। অন্যদিকে পারসা ইভানার সঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করাও ছিল ভিন্ন এক অভিজ্ঞতা।

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, এটি মূলত আনন্দঘন একটি গান, যেখানে গল্পের চেয়ে মুড এবং উপস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেট, কস্টিউম ও পারফরম্যান্সে সেই পুরোনো সময়ের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

আসিফ ইকবাল বলেন, ‘চুমকি চলেছে একা পথে’ বাংলা গানের এক অমূল্য সম্পদ। নতুন এই গান সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নেবে বলেই প্রত্যাশা।

এমআই/টিএ

মন্তব্য করুন