দুই তৃতীয়াংশ ভোট পেয়ে তারা ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: শিশির মনির
ছবি: সংগৃহীত
১২:৫৫ এএম | ২৪ মার্চ, ২০২৬
দুই তৃতীয়াংশ ভোট পেয়ে তারা ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, বিএনপিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত নেতা মোহাম্মদ শিশির মনির।
সোমবার (২৩ মার্চ) বিকেলে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সুনামগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিশির মনির বলেন, ‘বিএনপি একমাস আগে যা বলে, দুই মাস পর চোখের সামনে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে বলে। দীর্ঘ আলাপ আলোচনার ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হয়, শুধু সরকার পরিবর্তন নয় রাষ্ট্র পরিচালনা মুখ্য বিষয় হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। সেখানে সিদ্ধান্ত হয় নির্বাচনের পর সংসদ সদস্যরা দুটি কাজ করবেন। একটি হলো সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, অন্যটি হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। কিন্তু আমরা দেখলাম দুই তৃতীয়াংশ ভোট পেয়ে তারা ১৮০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেছেন।
তিনি আরও বলেন, ‘জুলাই সনদে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। ভোটের আনুপাতিক হারে উচ্চ কক্ষ গঠিত হবে। বিচার বিভাগ স্বাধীন থাকবে, স্বাধীন পুলিশ কমিশন হবে। কিছুই হচ্ছে না।’
গণভোট নিয়ে জামায়াত এই নেতা বলেন, ‘দেশের মানুষ ৬৯% মানুষ হ্যাঁ ভোট দিলো। বিএনপিও হ্যাঁ ভোটের প্রচার করলো। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে ভুলে গেলেন, এমন করা হলো কেন? এসব এখন গবেষণার বিষয়। অনেকে তাদের আচরণ নিয়ে ফেসবুক ঠাট্টা করে। ব্যঙ্গাত্মক কমেন্ট করে মানুষ। কীভাবে সহ্য করে, তাদের কি লজ্জাবোধ নাই? তবুও দেখি তারা বেটাগিরি দেখায়।’
পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুনের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ তোফায়েল আহম্মেদ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দিন, মোমতাজুল হাসান আবেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জামায়াত নেতা অ্যাডভোকেট হেলাল উদ্দিন, জসীমউদ্দিন প্রমুখ।
এসএস/টিএ