সায়ক-সুস্মিতা বিতর্কে মুখ খুললেন তসলিমা নাসরিন!
ছবি: সংগৃহীত
১২:৪৫ পিএম | ২৪ মার্চ, ২০২৬
সামাজিক মাধ্যমে কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রে সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়। ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক অভিযোগ এবং একের পর এক পাল্টা মন্তব্য ঘিরে তাঁদের ভার্চুয়াল বাকবিতণ্ডা এখন নেটমাধ্যমের অন্যতম আলোচিত বিষয়। সেই বিতর্কে এবার নিজের অবস্থান জানালেন তসলিমা নাসরিন।
সামাজিক মাধ্যমে দেওয়া দীর্ঘ প্রতিক্রিয়ায় লেখিকা ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নটিকেই সামনে এনেছেন। তাঁর বক্তব্য, প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে বাইরের দৃষ্টিতে বিচার করা সহজ হলেও, সেখানে সম্মতি থাকলে ব্যক্তিগত জীবনযাপন নিয়ে চূড়ান্ত রায় দেওয়া ঠিক নয়।
গত কয়েক দিনে সায়ক ও সুস্মিতার প্রকাশ্য পোস্টে উঠে এসেছে একাধিক ব্যক্তিগত অভিযোগ। কখনও পারিবারিক সম্পর্কের ভাঙন, কখনও ব্যক্তিজীবনের নানা সিদ্ধান্ত, আবার কখনও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে সরাসরি মন্তব্য সব মিলিয়ে বিষয়টি দ্রুতই সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দেয়।

এই প্রেক্ষাপটে তসলিমা লিখেছেন, কারও ব্যক্তিগত জীবনযাপন যদি অন্যের ক্ষতি না করে, তবে তা নিয়ে সমাজের অতিরিক্ত নৈতিক বিচার প্রয়োজন নেই। তাঁর মতে, কেউ একাধিকবার বিয়ে করলে, কিংবা নিজের মতো জীবন বেছে নিলে সেটিকে একমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখা উচিত।
লেখিকার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর নতুন করে বিতর্ক ছড়িয়েছে। একাংশ তাঁর বক্তব্যকে ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্পষ্ট অবস্থান বলে মনে করছেন, আবার অন্য অংশ সামাজিক মাধ্যমে এত ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনার প্রবণতাকেই প্রশ্নের মুখে তুলেছেন।
তবে এত বিতর্কের মাঝেও স্পষ্ট হয়েছে, সায়ক-সুস্মিতার সামাজিক মাধ্যমের দ্বন্দ্ব এখন আর শুধু ব্যক্তিগত সীমায় নেই; তা বিনোদনজগতের আলোচনাকেও ছাপিয়ে বৃহত্তর সামাজিক প্রতিক্রিয়ার বিষয় হয়ে উঠেছে।
পিআর/টিকে