নতুন সিরিজের কাজ শুরু করলেন নীল ভট্টাচার্য!
ছবি: সংগৃহীত
০২:৫৫ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য এবার নতুন এক মাইক্রো সিরিজের মাধ্যমে দর্শকের সামনে আসছেন। সম্প্রতি তাঁর আগের ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ শেষ হতেই নতুন কাজের ঘোষণা দিয়েছেন নীল। এই মাইক্রো ড্রামায় নীলের সঙ্গে জুটি বাঁধছেন অনুষা বিশ্বনাথন। সিরিজটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য।
পরিচালক জানান, প্রতিটি পর্ব এক মিনিটের হবে এবং মোট ৫০টি পর্বে সিরিজটি প্রকাশিত হবে। তিন দিনের শুটিং সম্পন্ন হবে বলে জানা গেছে। দেবালয় বলছেন, “ধরনটা একেবারেই ভিন্ন। এটি প্রথমবারের মতো করা হচ্ছে, তাই বিশেষভাবে উত্তেজনা অনুভব করছি।” সিরিজ়টির প্রযোজনায় আছেন যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস।

গল্পে থাকবে প্রেম এবং প্রতিশোধের মিশ্রণ। অনুষা সম্প্রতি মৈনাক ভৌমিকের ‘বিদায়’ সিরিজের শুটিং করছিলেন, যেখানে শাওন চক্রবর্তীর সঙ্গে দেখা গিয়েছে তাকে। এই নতুন মাইক্রো সিরিজ়ে নীল-অনুষার জুটি দর্শকের মধ্যে কেমন সাড়া ফেলে, সেটাই এখন বড় চমক।
শুধু গল্প নয়, শুটিং পদ্ধতিও অনেকটাই ভিন্নভাবে করা হচ্ছে। পরিচালক জানান, এটি একটি বুলেট সিরিজের মতো হবে, যা দেখতে অনুরাগীদের জন্য নতুন অভিজ্ঞতা হবে।
পিআর/টিকে