© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক / বিএনপির অনেক নেতার স্ত্রী-সন্তান জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত

শেয়ার করুন:
বিএনপির অনেক নেতার স্ত্রী-সন্তান জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫২ পিএম | ২৪ মার্চ, ২০২৬
বিএনপির অনেক নেতার স্ত্রী-সন্তান জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের অন্য দল থেকে ফিরিয়ে এনে তাদের দলীয় আদর্শে গড়ে তুলতে হবে। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলা চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

আলমগীর হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতি সুদৃষ্টির কারণেই তিনি সদ্যঃসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন।

পরবর্তী সময়ে তাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জেলা পরিষদের মাধ্যমে তিনি সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করবেন বলে জানান।

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা জজ আদলতের পিপি আবুল কালাম আকন, বিএনপির সাবেক নেতা মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, জেলা পরিষদ নির্বাচনে নিজেদের লোক বিজয়ী করতে হলে স্থানীয় নির্বাচনগুলোতে দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে।
এ জন্য সব ভেদাভেদ ভুলে দলের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, বিগত সরকার মানুষের অধিকার হরণ করেছিল বলেই তাদের এ দেশের মাটিতে জায়গা হয়নি। অনেকেই এখন ভারতে রিকশা চালিয়ে জীবনযাপন করছে। তাই বিএনপির নেতাকর্মীদের সেই বিষয়টি স্মরণ রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকালে আলমগীর হোসেন জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে অফিসের কাজ শুরু করেন। অফিসে বসার পর বিভিন্ন সংগঠন ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

টিজে/এসএন 

মন্তব্য করুন